IIFCL লিমিটেডে ম্যানেজার নিয়োগ
অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (গ্রেড-এ) (বিজ্ঞপ্তি নং IIFCL/HC/2026/04.) এবং ম্যানেজার (গ্রেড-বি) (বিজ্ঞপ্তি নং IIFCL/HCM/2026/03.) পদে ৩৭ জনকে নিচ্ছে, ভারত সরকারের অন্যতম প্রতিষ্ঠান, ইন্ডিয়া ইনফ্রাস্ট্রাকচার ফাইন্যান্স কোম্পানি লিমিটেডে (IIFCL)। নিয়োগ হবে জেনারেলিস্ট এবং এনভায়রণমেন্ট ও সোশ্যাল সেফগার্ড শাখাগুলিতে। রেগুলার পদে নিয়োগ হবে সরাসরি। ভারতীয়রা আবেদন করতে পারেন। প্রথমে ২ বছর প্রবেশন। যা বেড়ে মোট ৪ বছর হতে পারে।
আইআইএফসিএল অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (গ্রেড-এ): শূন্যপদ ৩৩টি (অসং ১১, তঃজাঃ ৮, তঃউঃজাঃ ২, ওবিসি (এনসিএল) ৬, আর্থিকভাবে কমজোর প্রার্থী ৬ এবং এসবের মধ্যে থেকে প্রতিবন্ধী ৫)। আইআইএফসিএল ম্যানেজার (গ্রেড-বি): শূন্যপদ ৪টি (অসং ২, তঃজাঃ ১, আর্থিকভাবে কমজোর প্রার্থী ১)। উভয়পদের জেনারেলিস্ট শাখার প্রার্থীদের যে কোনও শাখার পোস্ট-গ্র্যাজুয়েট ডিগ্রি বা ডিপ্লোমাধারী হতে হবে। অথবা এলএলবি/ বিএ +এলএলবি, চার্টার্ড একাউন্ট্যান্ট (সিএ), কোম্পানি সেক্রেটারি (সিএস), সিএমএ/ আইসিডব্লিউএ, বি.টেক./ বি.ই. ডিগ্রিধারী হতে হবে। সঙ্গে ব্যাঙ্কস/ ফিনান্সিয়াল অফিসার ক্যাডার অভিজ্ঞতা থাকা চাই।
এনভায়রণমেন্টাল ও সোশ্যাল সেফগার্ড শাখার প্রার্থীদের এনভায়রণমেন্টাল ম্যানেজমেন্ট, এনভায়রণমেন্টাল সায়েন্সেস, এম.এসসি. ইঞ্জিনিয়ারিং বা পোস্ট-গ্র্যাজুয়েট ডিগ্রি বা ডিপ্লোমাধারী হতে হবে। অথবা সোশ্যাল ওয়ার্ক, সোসিওলজি, অ্যানথ্রপলজি, ইকনমিক্স ডেভেলপমেন্ট সার্ভিসেস, ইত্যাদির পোস্ট-গ্র্যাজুয়েট ডিগ্রিধারী হতে হবে। সঙ্গে এনভায়রণমেন্ট অ্যান্ড সোশ্যাল ইমপ্যাক্ট অ্যাসেসমেন্ট অ্যান্ড সেফগার্ডসে সুনির্দিষ্ট শিক্ষাগত ‘যোগ্যতা-পরবর্তী’ অভিজ্ঞতা থাকতে হবে।
গ্রেড-এ পদের ক্ষেত্রে অন্তত ২ বছরের অফিসার ক্যাডার অভিজ্ঞতা থাকা চাই। গ্রেড-বি বা সমতুল গ্রেডের পদের ক্ষেত্রে অন্য ফিনান্সিয়াল ইনস্টিটিউশন/ ব্যাঙ্ক/ পিএসইউ -তে সর্বমোট ৭ বছরের কাজের অভিজ্ঞতা থাকা চাই।
ইউজিসি/ এআইসিটিই/ সরকার স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউট থেকে সমস্ত শিক্ষাগত যোগ্যতা অর্জন করে থাকতে হবে। এছাড়া শক্তিশালী কমিউনিকেশন, অ্যানালিটিক্যাল, ড্রাফটিং এবং কম্পিউটার/ আইটি দক্ষতা থাকা চাই।
গ্রেড-এ অফিসারদের ক্ষেত্রে- ২৮ ফেব্রুয়ারি, ২০২৬ তারিখের হিসেবে বয়স হতে হবে ২১ (পূর্ণ) বছর থেকে ৩০ বছরের মধ্যে। মাইনে ৪৪,৫০০ – ৮৯,১৫০ টাকা। সঙ্গে ডিএ, (বেসিক পে-র ১৫%) বাড়ি ভাড়া ভাতা সহ অন্যান্য ভাতা ও সুযোগ-সুবিধা। বেসিক পে ৪৪,৫০০ টাকা। গ্রেড-বি অফিসারদের ক্ষেত্রে- ২৮ ফেব্রুয়ারি, ২০২৬ তারিখের হিসেবে বয়স ৪০ বছরের কম (৪০ বছর পূর্ণ হলে আবেদন করা যাবে না)। মাইনে ৫২,২০০ – ৯৯,৭৫০ টাকা। সঙ্গে ডিএ, (বেসিক পে-র ১৫%) বাড়ি ভাড়া ভাতা সহ অন্যান্য ভাতা ও সুযোগ-সুবিধা। বেসিক পে ৫৫,২০০ টাকা।
উভয় পদের ক্ষেত্রে প্রার্থিবাছাই হবে ২টি পর্যায়ে অনলাইন পরীক্ষা এবং পরবর্তীতে কারিগরি ও আচরণগত সাক্ষাৎকারের মাধ্যমে। ২০০ নম্বরের প্রথম পর্যায়ের অবজেক্টিভ টাইপ অনলাইন পরীক্ষায় ২টি টেস্ট হবে। অনলাইন পরীক্ষা হতে পারে ২০২৬-এর মে/ জুন মাসে। সাক্ষাৎকার (ইন্টারভিউ) হতে পারে ২০২৬-এর জুন/ জুলাই মাসে।
দুটি পদের ক্ষেত্রেই পরীক্ষার ফি এবং ইন্টিমেশন চার্জ যথাক্রমে ৫০০ টাকা ও ১০০ টাকা। অসংরক্ষিত/ ওবিসি/ ইডব্লিউএস এবং অন্যান্য ক্য়াটেগরির প্রার্থীদের দিতে হবে মোট ৬০০ টাকা। তফশিলি/ প্রতিবন্ধী প্রার্থীদের দিতে হবে (কেবল ইন্টিমেশন চার্জ) ১০০ টাকা। অনলাইনে ফি দিতে হবে ১০ এপ্রিলের মধ্যে।
দুটি পদের জন্যেই অনলাইন রেজিস্ট্রেশন করবেন www.iifcl.in ওয়েবসাইটের ‘কেরিয়ার’ সেকশনে গিয়ে, ১০ এপ্রিল, ২০২৬ তারিখের মধ্যে। অফিসিয়াল ওয়েবসাইট www.iifcl.in। আরও বিস্তারিত তথ্য পাবেন ওয়েবসাইটে।

