কলকাতায় গঙ্গার পাড় সংস্কারের তৎপরতা চলছে
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: গঙ্গার পাড় বাঁধানোর কাজ অবশেষে শুরু হচ্ছে কলকাতায়। ওই কাজ করবে কলকাতা বন্দর কর্তৃপক্ষ বলে জানা গিয়েছে। সূত্রের খবর, হাওড়া ব্রিজের পাশে জগন্নাথ ঘাট থেকে শুরু করে বরানগর কুন্তিঘাট অবধি চলবে এই কাজ। কলকাতার বহু গঙ্গার ঘাট ভাঙনের ফলে ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে। অনেক জায়গায় আবার পাড়ও খসে পড়েছে। অন্যদিকে একাধিক জায়গায় পাড়ের মাটি ধসে গঙ্গায় তলিয়ে গিয়েছে। উল্লেখ্য, এক সময় উত্তর কলকাতার পরিচয় ছিল একাধিক গঙ্গার ঘাটের মাধ্যমে। তবে বিগত কয়েক বছর ধরে সেই ঘাটগুলি ক্রমশই বিলুপ্ত হয়ে যেতে বসেছে।
স্থানীয় সূত্রের আরও খবর, বহু ঘাটের চাতাল ও সিঁড়িতে ফাটল ধরে গিয়েছে। একাধিক জায়গায় বেরিয়ে গিয়েছে লোহার রডও। এর ফলে জোয়ারের জলে বহু মানুষ স্নান করতে নেমে বিপদের মুখোমুখি হন। আবার নিমতলা ঘাটের কাছে সবচেয়ে বেশি সমস্যা তৈরি হয়েছে। সেন্ট্রাল ওয়ারহাউজের গুদাম পর্যন্ত ভাঙনের কবলে কবলিত। অভিযোগ উঠছে এই সংক্রান্ত বিষয়ে। কলকাতা বন্দরের পক্ষ থেকে জানানো হয়েছে, খুব শীঘ্রই শুরু হবে মেরামতির কাজ।

