Snapshot_0Miscellaneous Trending News 

ব্যাঙ্ক জালিয়াতি কাণ্ডে পুলিশের জালে ৩ জালিয়াত

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: ব্যাঙ্ক জালিয়াতি কাণ্ডে ৩ জনকে গ্রেপ্তার করল বিধাননগর গোয়েন্দা পুলিশ ও সাইবার ক্রাইম থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, কেন্দ্রীয় ও রাজ্য সরকারের গ্রুপ-ডি কর্মীদের ফোন করে বলা হত হোম লোন নেওয়ার জন্য। পাশাপাশি, ওই কর্মীদের থেকে প্যান কার্ড, আঁধার কার্ড সহ বিভিন্ন নথির তথ্য নিয়ে বিভিন্ন ব্যাঙ্কে ভুয়ো অ্যাকাউন্ট খোলা হত। পুলিশের অনুমান, নিউটাউনের একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে ভুয়ো অ্যাকাউন্ট খুলে লোনের জন্য আবেদন করে এই চক্র। এরপর লোনের টাকা ওই অ্যাকাউন্টে আসলে নিজেদের অ্যাকাউন্টে ট্রান্সফার করে নেয়।

এভাবেই অন্যের নথি নিয়ে ব্যাংক জালিয়াতি করত এই চক্র বলে জানিয়েছে পুলিশ। সূত্রের খবর, ২৬টি লোন করে কোটি কোটি টাকার প্রতারণা করে এই চক্রটি। কিন্তু লোনের কিস্তি শোধ না করতে পারায় ব্যাঙ্কের পক্ষ থেকে ২০১৮ সালের ১২ ডিসেম্বর নিউটাউন থানায় অভিযোগ করা হয়। এরপর তদন্তভার বিধাননগর গোয়েন্দা পুলিশ হাতে দেওয়া হয়। তদন্ত করতে নেমে গতকাল প্রিয়াঙ্কা সাহা ও রতুল পাত্র নামে ২ জনকে গ্রেপ্তার করে বিধাননগর গোয়েন্দা পুলিশ। অন্যদিকে, এই চক্রের সন্দীপ মজুমদার নামে আরও একজনকে গ্রেপ্তার করে সাইবার ক্রাইম থানা।

পুলিশের অনুমান, এই চক্রের মূল পান্ডা প্রিয়াঙ্কা সাহা। ধৃতদের বিরুদ্ধে ৬টি অভিযোগের সন্ধান পেয়েছে পুলিশ। আরও অভিযোগ থাকতে পারে তদন্ত করে দেখছে। রতুল পাত্র এর আগেও গ্রেফতার হয়েছিল বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে। বাকিদের খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে পুলিশ। আজ ধৃত তিনজনকে বারাসত আদালতে তোলা হবে।

Related posts

Leave a Comment