সিমলায় তুষারপাত-উৎফুল্ল পর্যটকরা
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: বরফের সাদা চাদরে ঢেকে গেল সিমলা। এই দৃশ্য দেখে উৎফুল্ল হলেন পর্যটকরা। বেশকিছু খালি এলাকায় বৃষ্টিপাত ও তুষারপাতের সম্ভাবনার কথা জানানো হয়েছে ৷ বছর শেষে প্রথম তুষারপাত সিমলায়। রীতিমতো সাদা চাদরে মুড়ে গেল শহর ৷ নতুন বছরের ছুটি নিয়ে পর্যটকরা এসেছেন সিমলায়। এই মনোরম দৃশ্যে তাঁরা খুবই খুশি। স্থানীয় সূত্রের খবর, মল রোড, জাখু, ছোটা সিমলা এবং শহরের অন্যান্য জায়গায় হাল্কা তুষারপাত হয় ৷ হিমাচলপ্রদেশের আরও বেশ কিছু এলাকায় বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর ৷
উল্লেখ করা যায়,কেইলং, কল্পা ও মানালি সহ বেশ কিছু জায়গায় তাপমাত্রা শূন্যের নিচে চলে যায় ৷ এর ফলে কনে কনে ঠান্ডা অনুভূত হয় ৷ সব থেকে কম তাপমাত্রা রেকর্ড করা হয়েছে লাউল-স্ফীতির কেইলং-এ৷ মাইনাস ১১.৬ ডিগ্রি সেলসিয়াস ছিল, এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর। সূত্রের আরও খবর, অন্যদিকে কিন্নউর জেলার কল্পা এবং কুলু জেলার মানালিতে তাপমাত্রা ছিল -৩.৪ ডিগ্রি এবং -০.৬ ডিগ্রি ৷ হিমাঙ্কের নিচে তাপমাত্রা নেমে যায় মান্ডি, ভুন্তর, সুন্দরনগর ওসোলানপ্রভৃতি এলাকায় ৷ অন্যদিকে ডালহৌসি এবং কুফরির তাপমাত্রাও নেমে আসে ২.৯ এবং ৩.৬ ডিগ্রিতে ৷ যা এই মরসুমের রেকর্ড ৷ সিমলায় ছিল ৪.৭ ডিগ্রি সেলসিয়াস ৷পাশাপাশি কাংগ্রার তাপমাত্রা ছিল সব থেকে বেশি ১৯.৪ ডিগ্রি সেলসিয়াস ৷ বেশকিছু এলাকায় বৃষ্টিপাত ও তুষারপাতের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দফতর।

