করোনা-বিধি মেনে স্কুলে অফলাইনে পরীক্ষা
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : বিধি মেনেই বোর্ডের পরীক্ষা কিছু স্কুলে। সূত্রের খবর, করোনা-বিধি মেনে নবম থেকে দ্বাদশ শ্রেণির ক্লাস শুরু হচ্ছে আগামী ১২ ফেব্রুয়ারি। উল্লেখ করা যায়, কলকাতার কয়েকটি ইন্টারন্যাশনাল স্কুলে দশম শ্রেণির বোর্ডের পরীক্ষা ‘ইন্টারন্যাশনাল জেনারেল সার্টিফিকেট অব সেকেন্ডারি এডুকেশন’ (আইজিসিএসই) শুরু হল। প্রসঙ্গত, দশম শ্রেণির এই বোর্ডের পরীক্ষার আয়োজন করে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়।
কলকাতার যেসব ইন্টারন্যাশনাল স্কুলে এই পরীক্ষা হয়েছে, সেই সব স্কুল কর্তৃপক্ষ সূত্রে জানানো হয়েছে, সব ধরনের করোনা-বিধি মেনেই অফলাইনে পরীক্ষা নেওয়া হচ্ছে। এ বিষয়ে আরও জানা যায়, হেরিটেজ স্কুলের একটি বিভাগে ইন্টারন্যাশনাল স্কুল চলে। স্কুলের পক্ষ থেকে জানানো হয়েছে, পরীক্ষায় পড়ুয়ার সংখ্যা খুব বেশি ছিল না। যারা পরীক্ষার্থী ছিল তারা করোনা-বিধি মেনে সকলেই মাস্ক পড়ে এসেছে।
এক্ষেত্রে আরও জানানো হয়েছে, পরীক্ষা কেন্দ্রও জীবাণুমুক্ত করা হচ্ছে নিয়মিত। ইন্টারন্যাশনাল স্কুলের পক্ষ থেকে জানা যায়, দশম শ্রেণির ১০ জন পরীক্ষার্থী আইজিসিএসই পরীক্ষা দিয়েছে। এক্ষেত্রে তাঁদের বক্তব্য, প্রত্যেক পরীক্ষার্থীকে দূরত্ব-বিধি মেনে বসানো হয়েছিল। মাস্ক পড়া বাধ্যতামূলক ছিল। স্কুলের পক্ষ থেকে মাস্ক এবং স্যানিটাইজারের ব্যবস্থা রাখা হয়। স্কুলে একটি মেডিক্যাল ইউনিট রয়েছে বলেও জানানো হয়েছে। ইউনিটের নার্সরা পরীক্ষার সময়ে উপস্থিত ছিলেন। এ বিষয়ে পরীক্ষার্থীদের বক্তব্য, করোনা আবহে পড়াশোনা পুরোটাই অনলাইনে হয়েছে। অফলাইনে পরীক্ষা দিতে খুব একটা অসুবিধা হয়নি।

