ইকো পার্কে ‘বাংলার গ্রামে’ মৌমাছি পালনে উৎসাহ
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : মৌমাছি পালনে উৎসাহ দিতে প্রতিষ্ঠান তৈরির ভাবনা। সূত্রের খবর, শহরাঞ্চলে মৌমাছি প্রতিপালন করে মধু উৎপাদন ও তা বিক্রির পরিকল্পনা পূর্বেই করেছিল হিডকো। সেই মতোই ইকো পার্কে ‘বাংলার গ্রামে’ শুরু হয় এই প্রকল্পের কাজ। উল্লেখ করা যায়, মধু উৎপাদনের পর তা বোতলবন্দি করে বিক্রি করার প্রক্রিয়াও শুরু হয়েছে। ইকো পার্কের একটি রেস্তোরাঁ থেকে মাত্র ১০০ টাকার বিনিময়ে পাওয়া যাচ্ছে এই মধু।
এ বিষয়ে হিডকো সূত্রে আরও জানা গিয়েছে, পরীক্ষামূলকভাবে এই প্রকল্পের কাজে হাত দেওয়া হয়েছিল। এক্ষেত্রে লক্ষ্য ছিল- বেকার যুবক-যুবতীদের সামনে স্ব-নির্ভর হওয়ার একটি পথ উন্মুক্ত করা। আবার এ বিষয়ে পরামর্শ এবং প্রশিক্ষণের জন্য একটি প্রতিষ্ঠান গড়ার পরিকল্পনাও গ্রহণ করা হয়েছে। স্থানীয় বাসিন্দা ও ইকো পার্কে আসা পর্যটকদের একাংশ জানিয়েছেন, কর্মসংস্থান বাড়ানোর ক্ষেত্রে এমন ভাবনা সদর্থক। নিউটাউনে অনেক জায়গা রয়েছে, তাই বড় আয়তনে এমন প্রকল্প করার কথা ভাবতে পারে প্রশাসন।
উল্লেখ্য, ‘বাংলার গ্রামে’ ছোট ছোট বাক্সের মধ্যে মৌমাছি প্রতিপালনের কাজ শুরু হয়েছে। শহরাঞ্চলে মৌমাছি প্রতিপালন করা যায়, এমনটা আগে ভাবা যায়নি। এই প্রকল্পের প্রচার ও প্রসার প্রয়োজন রয়েছে বলে অনেকেই মনে করেন। হিডকো সূত্রে আরও খবর, বছর দেড়েক আগে এই প্রকল্পের কাজ শুরু হয়েছিল। সহযোগিতার হাত বাড়ায় বণিকসভা বেঙ্গল চেম্বার অব কমার্স। এই কাজে এখন স্ব-নির্ভর গোষ্ঠীর সদস্যদের যুক্ত করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

