অবশেষে কলকাতায় চালু হল মেট্রো পরিষেবা
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: অবশেষে সাধারণ যাত্রীদের জন্য কলকাতা মেট্রোর চাকা ঘুরল। তবে গতকাল নিট পরীক্ষা থাকায় পরীক্ষার্থীদের জন্য এই পরিষেবা দিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। করোনা আবহে দীর্ঘ ১৭৬ দিন পরে আজ মেট্রোয় চড়তে পারবেন সাধারণ যাত্রীরা। উল্লেখ্য, করোনা পরিস্থিতিতে প্রটোকল মেনে টোকেন দেওয়া হবে না বলে আগেই ঘোষণা করেছে মেট্রো কর্তৃপক্ষ।
এক্ষেত্রে মেট্রোর পক্ষ থেকে জানানো হয়েছে, যাঁদের স্মার্টকার্ড রয়েছে তাঁরাই কেবলমাত্র মেট্রোয় যাত্রার সুযোগ পাবেন। অন্যদিকে স্মার্টকার্ড না থাকা যাত্রীদের কাউন্টার থেকে তা সংগ্রহ করে নিতে হবে। তবে স্টেশনে প্রবেশের ক্ষেত্রে সবার জন্য ই-পাস বাধ্যতামূলক। মেট্রো সূত্রে আরও খবর, স্মার্টকার্ড ন্যূনতম ১০০ টাকার রিচার্জ করতে হবে। এছাড়া রিচার্জ ২০০, ৩০০, ৫০০ ও ১ হাজার টাকারও রিচার্জের অপশন রয়েছে। প্রতিটি রিচার্জের মেয়াদ ১ বছরের। কাউন্টার ছাড়াও স্মার্টকার্ড রিচার্জের জন্য বসানো হয়েছে মেশিন।
এই ই-পাস পাওয়ার বিষয়ে কলকাতা মেট্রোর পক্ষ থেকে জানানো হয়েছে, এক্ষেত্রে কলকাতা মেট্রোর অ্যাপ ডাউনলোড করতে হবে। ওই অ্যাপ খুললেই উপরে পাওয়া যাবে জেনারেট ই-পাস। সেখানে ক্লিক করলেই অ্যাপের নীচের দিকে চ্যাটবক্সের অপশন পাওয়া যাবে। সেই অপশনে ক্লিক করার পর খুলবে চ্যাটবক্স। সেখানে নিজের নাম, কোন স্টেশন থেকে উঠবেন এবং গন্তব্য স্টেশনটি বেছে নিতে হবে। এরপর বাছতে হবে যাত্রার সময়। এই তথ্যগুলি সঠিকভাবে দিলেই যাত্রীরা পেয়ে যাবেন ই-পাস। ই-পাস দেখানোর জন্য স্টেশনে থাকবে আলাদা ডেস্কও।

