১ বছর পিছনোর সম্ভাবনা জনগণনা ও এনপিআর-এর কাজ
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : জনগণনা ও এনপিআর-এর কাজ ১ বছর পিছনোর সম্ভাবনা। সূত্রের খবর, করোনা পরিস্থিতিতে সংক্রমণের জেরে জনগণনা ও ন্যাশনাল পপুলেশন রেজিস্টার (এনপিআর) আপডেটের প্রথম দফার কাজ পূর্বেই স্থগিত হয়। সংক্রমণ বজায় থাকায় চলতি বছরে সেই কাজ শুরু হওয়া অনিশ্চিত হয়ে পড়ে। সরকারি সূত্রের খবর, এনপিআর ও জনগণনার কাজ ১ বছর পিছিয়ে যাওয়ার সম্ভাবনা রয়ে গিয়েছে।
উল্লেখ্য, দেশজুড়ে বাড়ি বাড়ি গিয়ে জনগণনার এই কাজ চালানোর দায়িত্ব পালন করছেন ৩০ লক্ষেরও বেশি কর্মীর। প্রসঙ্গত, ২০২১ সালের জনগণনার জন্য হাউস-লিস্টিং ও এনপিআর আপডেটের কাজ হওয়ার কথা ছিল চলতি বছরের ১ এপ্রিল থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। করোনা পরিস্থিতিজনিত কারণে তা স্থগিত রাখা হয়। সূত্রের আরও খবর, বর্তমান পরিস্থিতিতে এখন জনগণনার কাজকে অত্যাবশ্যকীয় বলে ধরা হচ্ছে না। ১ বছর পিছিয়ে দিলেও কোনও ক্ষতি হবে না বলে জানানো হয়েছে। এনপিআর আপডেট ও জনগণনার প্রথম দফার কাজ কবে থেকে শুরু করা হবে, তা নিয়ে চূড়ান্ত কোনও সিদ্ধান্ত গ্রহণ হয়নি বলেও জানানো হয়েছে।

