ভিআইপি রোডে বাগুইআটি ও কৈখালীতে পৃথক দুটি দুর্ঘটনায় আহত গাড়ি চালক
কাজকেরিয়ার নিউজ ডেস্ক, নিজস্ব প্রতিনিধিঃ সাপ্তাহিক লকডাউনের দিন ভিআইপি রোডের কৈখালীতে পথ দুর্ঘটনা। আজ সকালে একটি ক্যাব এয়ারপোর্ট থেকে কলকাতার দিকে দ্রুত গতিতে যাচ্ছিল। হঠাতই ভিআইপি রোডের কৈখালীতে নিয়ন্ত্রণ হারিয়ে ৪৫ নম্বর বাসস্ট্যান্ডে ডিভাইডারে ধাক্কা মেরে ছিটকে গিয়ে পড়ে সার্ভিস রোডে। ক্যাবটি পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে, সেইসঙ্গে ক্যাবচালকও গুরুতর আহত হয়েছে। ঘটনাস্থলে বাগুইআটি থানার পুলিশ এবং কৈখালী ট্রাফিক গার্ড পুলিশ। আশঙ্কাজনক অবস্থায় ক্যাব চালককে নিয়ে যাওয়া হয় স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে।বেপরোয়া গতি থাকায় এই দুর্ঘটনা বলে পুলিশের অনুমান।
অন্যদিকে, সকাল সাড়ে আটটা নাগাদ ভিআইপি রোডের দমদম পার্ক থেকে বাগুইআটি ব্রিজ ধরে এয়ারপোর্টের দিকে যাচ্ছিল একটি প্রাইভেট গাড়ি। নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজ থেকে নামার মুখে রঘুনাথপুরে ডিভাইডারে গিয়ে ধাক্কা মারে গাড়িটি। বেপরোয়া গতি থাকায় পথ দুর্ঘটনা বলে অনুমান। গাড়িতে থাকা ড্রাইভারের অল্প বিস্তর আঘাত লাগে। তাকে স্থানীয় বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। আজ সাপ্তাহিক লকডাউন রাস্তাঘাট ফাঁকা সেই কারণে বেপরোয়া গতিতে গাড়ি চালানোর জন্য এই দুর্ঘটনা বলে খবর।

