জম্মু ও কাশ্মীরে পুলিশ কনভয়ে জঙ্গি হামলা
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: জম্মু ও কাশ্মীরের নওগম বাইপাসে এলোপাথাড়ি গুলি চলে পুলিশ কনভয়ে। সূত্রের খবর, পুলিশ কনভয় লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায় সন্ত্রাসবাদীরা। এই হামলায় ৩ পুলিশ কর্মী গুরুতর জখম হয়েছে বলে খবর। যার মধ্যে ২ জনের মৃত্যু হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। এদিন ৩ জন পুলিশ কর্মীকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়ার পর ২ জনের মৃত্যু হয়।
পুলিশ সূত্রে খবর, হামলার এলাকাটি সম্পূর্ণ ঘিরে ফেলা হয়েছে। সেনা সূত্রে খবর, ৭১৫ আইআরপি ২০ ব্যাটেলিয়ানের ইশফাক আয়ুব ও ৩০৭ আইআরপি ২০ ব্যাটেলিয়ানের ফয়েজ আহমেদ জঙ্গিদের গুলিতে শহীদ হয়েছেন। এছাড়াও কনস্টেবল মহম্মদ আশরফের ডান হাতে গুলি লেগেছে। তিনি হাসপাতালে ভর্তি। এই ঘটনা প্রসঙ্গে কাশ্মীরের আইজি বিজয় কুমার বলেন, এই হামলার পিছনে জইশ-ই-মহম্মদের হাত থাকার প্রবল সম্ভাবনা রয়েছে। তবে কোনও জঙ্গি সংগঠন এখনও এই হামলার দায় স্বীকার করেনি বলেও জানান তিনি।
সংশ্লিষ্ট এলাকায় অতিরিক্ত পুলিশ বাহিনী পাঠানোর পাশাপাশি চলছে জঙ্গিদের খোঁজও। উল্লেখ্য, স্বাধীনতা দিবসের প্রাক্কালে দেশজুড়ে জোরদার থাকে নিরাপত্তার বলয়। কোনও রকম অশান্তি বা নাশকতা যাতে না হয়, তাই জন্যই এই ব্যবস্থা করা হয়ে থাকে। তবে সেই স্বাধীনতা দিবসের প্রাক্কালে এই ধরনের জঙ্গি হামলা দেশের নিরাপত্তার ক্ষেত্রে একটা বড় প্রশ্ন থেকেই যায়।

