NabannnaMiscellaneous 

পশ্চিমাঞ্চলের জেলাগুলির সার্বিক উন্নয়নে একগুচ্ছ প্রকল্প

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : পশ্চিমাঞ্চলের পিছিয়ে পড়া জেলাগুলির সার্বিক উন্নয়নে একগুচ্ছ অভিনব প্রকল্প গ্রহণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, পশ্চিমাঞ্চলের ৬ জেলার ৫০ হাজার একর বন্ধ্যা জমিকে ব্যবহার করে সুসংহত পরিকল্পনা করা হয়েছে। পড়ে থাকা এই বিরাট জমিকে ব্যবসায়িক ভিত্তিতে ব্যবহার করতে উদ্যোগী রাজ্য সরকার। এলাকার স্থানীয় বাসিন্দাদের জমির অধিকার দিয়েই রুটি-রুজির ব্যবস্থা করতে প্রত্যয়ী পশ্চিমবঙ্গ সরকার। সরকারিভাবে জানা গিয়েছে, এই প্রকল্প কার্যকর হলে ৮ থেকে ১০ লক্ষ মানুষের হাতে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে রোজগারের পথ নিশ্চিত হয়ে যাবে।

উল্লেখ্য, রাজ্য সরকারের ৭টি দপ্তর পিছিয়ে পড়া জেলাগুলিকে সামনের সারিতে নিয়ে আসার ব্যাপারে তৎপরতা শুরু করেছে। প্রাথমিকভাবে পশ্চিমাঞ্চলের ৬টি জেলাকে নিয়ে এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে। তার মধ্যে রয়েছে– ঝাড়গ্রাম, বীরভূম, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া ও বাঁকুড়া। নবান্ন সূত্রের খবর, ওই ৫০ হাজার একর জমিতে চাষ, প্রাণী পালন, মৎস্য পালন, পোলট্রি ও ওষুধি গাছ-সহ বিভিন্ন প্রকল্প রয়েছে। চাষের অনুকূল পরিবেশ তৈরির জন্য উপযুক্ত মাটি পরীক্ষা ও সেচের ব্যবস্থা করা হবে বলেও জানা গিয়েছে। সূত্রের আরও খবর, ১০০ দিনের কাজের মাধ্যমে এখানে অসংখ্য পুকুর কাটা হবে। পাশাপাশি পাহাড়ের কোলে জলাধার তৈরি করে বৃষ্টির জল সংরক্ষণ করা হবে।

এছাড়া পুকুরগুলিতে মাছ চাষে যাবতীয় সহযোগিতা করবে রাজ্য সরকার। প্রাণিসম্পদ দপ্তর সূত্রের খবর, এখানে বিশেষ পোলট্রি ফার্ম গড়ে তোলা হবে। আবার স্থানীয় প্রাণী-পালকদের উপযুক্ত প্রশিক্ষণ দিয়ে স্বয়ং সম্পূর্ণ করা হবে। এই পরিকল্পনা রূপায়ণে পঞ্চায়েত, উদ্যান-পালন, ক্ষুদ্র সেচ, প্রাণিসম্পদ বিকাশ, কৃষি, স্ব-নির্ভর গোষ্ঠী ও জলসম্পদ উন্নয়ন দপ্তরের সহায়তা নেওয়া হবে। নবান্ন সূত্রে আরও জানা যায়, অগ্রাধিকারের ভিত্তিতে এই কাজ শুরুর নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। জেলাস্তরে জমি চিহ্নিত করা হয়েছে। কয়েকটি জেলায় এই প্রকল্প শুরু হয়ে গিয়েছে। পুরুলিয়ার বান্দোয়ান ব্লকে এই প্রকল্পের কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে, এমনটাই খবর।

Related posts

Leave a Comment