করোনা আবহে দুর্গাপুজোয় অনিশ্চয়তা, থিম ভাবনা উধাও
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : করোনার আবহে দুর্গাপুজো ঘিরে এবার অনিশ্চয়তা। তবে লড়াই শুরু থিম গোপন রাখার। প্রতিবছরই শহর ও গ্রামাঞ্চলের দুর্গাপুজো ঘিরে রাজ্যের বিভিন্ন প্রান্তে থিমের লড়াই চলে। পুজোর বিভিন্ন থিম প্রচারের আলোয় এসে যায় পুজোর সময়েই। করোনার আবহে এ বছরের থিম নিয়ে ভাবনা উধাও। এই পরিস্থিতির কথা তো জানা ছিল না গত বছরে। এ বছরের পুজোর থিম ঠিক করে রেখেছিলেন নামি-দামি পুজোর উদ্যোক্তারা। করোনা পরিস্থিতিতে সব পণ্ড হয়েছে। পুজো কমিটি ও উদ্যোক্তাদের ভাবনায় থাকা বিষয়টি এ বছর পুজো মণ্ডপে আসা হল না।
তবে ভাবনার মৃত্যু হয় না কখনও। এক্ষেত্রে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, ভাবনায় থাকা থিমের আত্মপ্রকাশে বিলম্ব হতে পারে, তবে মৃত্যু হবে না। পরের বছর পুজোর জন্য থাকবে সেই ভাবনা। এক্ষেত্রে রয়েছে একটিই ভয়– থিম চুরির বিষয়টি। দুর্গাপুজো আয়োজকদের প্রতিবছরই চমক থাকে থিমের বিষয়ে। এ বছরও তা ছিল। করোনার আবহে অনেকেই তা বাতিল করেছেন। অনেক উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, একটা পরিকল্পনা ছিল। করোনার আবহে তা সব ভেস্তে গিয়েছে। মহামারির খা শুকালে সেই পরিকল্পনা বাস্তবায়িত করা হবে বলে অনেকে জানিয়েছেন। থিমের পুজো দেখার জন্য প্রতিবছর লম্বা লাইন পড়ে এবং ভিড় জমান মানুষ। আবার অনেক পুজো কমিটি জানিয়েছে, এ বছর আমাদের থিম-ভাবনা যা ছিল, সেটাই পরের বছরের থিম। তবে কোনওভাবেই তা ফাঁস করা সম্ভব নয়। সেই ভাবনা আমরা গোপনে ধরে রেখেছি। অন্যদিকে অনেক পুজো কমিটি এ বছরের পুজোর থিমের জন্য অগ্রিম দিয়েছে। এবার তো ওই থিম করাও সম্ভব নয়। টাকা ফেরৎ নেওয়া হচ্ছে না। ওই থিমই হবে পরের বছর। তবে শিল্পীদের জানানো হয়েছে, থিম যেন লিক না করে।

