Bikash Bhawan-3Miscellaneous 

প্রযুক্তির মাধ্যমে পাঠদানে শিক্ষকদের প্রস্তুতির উপর নজর

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : প্রযুক্তির মাধ্যমে স্কুল শিক্ষা দিতে আসরে নামল বিকাশ ভবন। করোনা আবহে সঙ্কট কাটিয়ে স্কুল কবে খুলবে, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। পঠন-পাঠন থমকে থাকলে সমস্যা আরও বাড়বে। ব্যবস্থা হিসেবে এক্ষেত্রে স্কুলশিক্ষা দপ্তর টেলিফোন ও হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠদানের পরিকল্পনা গ্রহণ করেছিল কিছুদিন আগেই। সূত্রের খবর, এবার জেলাভিত্তিক রিসোর্স পার্সন তৈরি করে তাঁদের প্রশিক্ষণ শুরু করতে চলেছে দপ্তর।

এ বিষয়ে আরও জানা যায়, শিক্ষাসচিব মনীশ জৈন ভিডিও কনফারেন্স করেন সমস্ত জেলার ডিআই-দের সঙ্গে। ওই কনফারেন্সে রাজ্যের স্কুলশিক্ষা কমিশনার, পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন-এর রাজ্য প্রকল্প অধিকর্তা ও সিলেবাস এক্সপার্ট কমিটির চেয়ারম্যান অভীক মজুমদারও উপস্থিত ছিলেন। ডিআই-দের জেলাভিত্তিক ভাগ করে দু-দফায় এই বৈঠক হয়েছে। এক্ষেত্রে প্রযুক্তির মাধ্যমে পাঠদানে শিক্ষকদের প্রস্তুতির উপর জোর দেওয়া হয়েছে। সিদ্ধান্ত নেওয়া হয়েছে, জেলাভিত্তিক রিসোর্স পার্সন তৈরি করে প্রশিক্ষণ দেওয়া হবে। তাঁদের মাধ্যমে প্রশিক্ষণ পাবেন অন্যান্য শিক্ষকরা।

এক্ষেত্রে তাঁরা টেলিফোন বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে পড়ুয়াদের পাঠদান করতে সক্ষম হবেন। বিকাশ ভবন সূত্রের আরও খবর, শিক্ষা দপ্তর সেপ্টেম্বর মাস পর্যন্ত একটি বেসরকারি টেলি-পরিষেবা প্রদানকারী সংস্থার সঙ্গে চুক্তি করেছে। ভিডিও কনফারেন্সের মাধ্যমেই জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান, ভূগোল ও ইতিহাসের রিসোর্স পার্সনদের সঙ্গে বৈঠক হবে বিকাশ ভবনের। প্রশিক্ষণের মডিউলও তৈরি করা হয়েছে। সম্পূর্ণ বিষয়টি কার্যকর হলে মাসে প্রায় ২০,৪০০ জন শিক্ষকের কাছে পৌঁছনো সম্ভব হবে বলে মনে করা হচ্ছে। এক্ষেত্রে বৈঠক ও প্রশিক্ষণ সবই হবে গুগল মিটের মাধ্যমে।

Related posts

Leave a Comment