ত্রিপুরায় এবার আধাসেনায় মহিলাদের নিয়োগ
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : ত্রিপুরা সরকার রাজ্যের আধাসেনায় মহিলাদের নিয়োগ করা নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করেছে। সূত্রের খবর, এবার থেকে ত্রিপুরা স্টেট রাইফেলসে (টিএসআর) মহিলারাও যোগদান করতে পারবেন। উল্লেখ্য, ২ বছর আগে বাহিনীতে মহিলাদের জন্য ১০ শতাংশ সংরক্ষণের বিষয়টি অনুমোদিত হয়েছিল। এবার সেই সিদ্ধান্ত কার্যকর হতে চলেছে।
জানা গিয়েছে, গত ৭ জুলাই রাজ্য মন্ত্রিসভা টিএসআর-এর অধীনে রাইফেলম্যান পদে ১,৪৮৮ জনের নিয়োগে ছাড়পত্র দিয়েছে। আরও জানা যায়, প্রকাশিত ওই বিজ্ঞপ্তির ভিত্তিতে মোট ৩৫ হাজার ৬৪২ জন প্রার্থী আবেদন করেছেন। যাঁদের মধ্যে ৪ হাজার ৭৫২ জন মহিলা প্রার্থী রয়েছেন বলে সরকারি জানানো হয়েছে। এ বিষয়ে ত্রিপুরার আইনমন্ত্রী রতনলাল নাথ জানান, রাজ্যের ভূমিপুত্রদের জন্য ৭৫ শতাংশ আসন সংরক্ষিত। বাকি ২৫ শতাংশ বাইরের রাজ্যের প্রার্থীদের জন্য বরাদ্দ থাকবে। ফিজিক্যাল টেস্ট, লিখিত পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমে গোটা নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

