টোকিও প্যারালিম্পিক্সে চমক ভারতের
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : প্যারালিম্পিক্সের ইতিহাসে বিরাট সাফল্য ভারতের। টোকিও-তে এবার সাফল্য দিয়েই প্রতিযোগিতা শেষ করেছে ভারত। প্রতিযোগিতার শেষ দিনেও ১টি সোনা ও ১টি রুপো এল ভারতের ঘরে। ১৯টি পদক নিয়ে টোকিও প্যারালিম্পিক্স থেকে ফিরতে চলেছেন ভারতীয় অ্যাথলিটরা। উল্লেখ করা যায়, ২০১২ সালে লন্ডনে এই প্রতিযোগিতায় ভারত পায় মাত্র ১টি পদক। আবার ২০১৬ সালে রিও প্যারালিম্পিক্সে ভারতের পদক সংখ্যা ছিল ৪টি। ৫ বছরের ব্যবধানে সেই পদক সংখ্যা দাঁড়িয়েছে ১৯টিতে। ১৯ পদকের মধ্যে এবার ভারতীয় প্রতিযোগীরা পেয়েছেন ৫টি সোনা, ৮টি রুপো ও ৬টি ব্রোঞ্জ। এক্ষেত্রে ৮টি এসেছে অ্যাথলেটিক্স থেকে। শ্যুটিং থেকে পেয়েছেন ৫টি পদক। ব্যাডমিন্টন থেকে মিলেছে ৪টি পদক। তিরন্দাজি ও টেবল টেনিস থেকে ভারত পেল একটি করে পদক। উল্লেখ্য, ১৯৬৮ সালে শুরু হয়েছিল প্যারালিম্পিক্স। ২০১৬ সাল পর্যন্ত ভারত এই প্রতিযোগিতা থেকে পেয়েছে মোট ১২টি পদক। এবার গত ১৩ অলিম্পিক্সের মিলিত পদক সংখ্যাকেও টেক্কা দিয়েছেন ভারতীয় প্যারা-অ্যাথলিটরা।

