সমীক্ষা রিপোর্টে বেকারত্ব নিয়ে বাড়ছে উদ্বেগ
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : করোনা আবহে মাথা তুলেছে বেকারত্ব। পাশাপাশি পাল্লা দিয়ে বাড়ছে উদ্বেগ। সূত্রের খবর, রাজ্যে রাজ্যে স্থানীয় বিধি-নিষেধ পর্যায়ক্রমে শিথিল হয়ে আর্থিক কর্মকাণ্ডের গতি অল্প-বিস্তর বাড়ছে। একসময় শহর ও গ্রাম-সহ সারা দেশেই কমতে শুরু করে বেকারত্বের হার। সূত্রের আরও খবর, জুলাইয়ের শেষের দিকে কাজ তৈরির সেই পথকে এখন কিছুটা অমসৃণ দেখাচ্ছে। সিএমআইই-র সমীক্ষায় সেই তথ্য সামনে এসেছে। এক্ষেত্রে বলা হয়েছে, গত ২৫ জুলাই শেষ হওয়া সপ্তাহে সারা দেশে বেকারত্বের হার এক ধাক্কায় পৌঁছে গিয়েছে ৭.১৪ শতাংশে। পূর্বের সপ্তাহে যা ছিল ৫.৯৮ শতাংশ।
এ বিষয়ে আরও বলা হয়েছে, গ্রামাঞ্চলে সেই হার ৫.১০ শতাংশ থেকে বেড়ে হয়েছে ৬.৭৫ শতাংশ। শহরে অপেক্ষাকৃত কম বাড়লেও অতিক্রম করেছে ৮ শতাংশের সীমা। ৭.৯৪ শতাংশ থেকে বেড়ে হয়েছে ৮.০১ শতাংশ। উল্লেখ করা যায়, শহরে বেকারত্বের হার অনেকদিন ধরেই গ্রামাঞ্চল ও জাতীয় গড়ের তুলনায় চড়া। একসময় সেই চিত্রের উন্নতি হচ্ছে বলে দাবি করেছিল কেন্দ্রীয় সরকার। এই দফায় সমীক্ষা রিপোর্ট নিয়ে নতুন করে দুশ্চিন্তা বেড়ে গিয়েছে। এক্ষেত্রে একাংশের বক্তব্য, করোনা আবহের তৃতীয় ঢেউ অর্থনীতির উপরে আছড়ে পড়লে তার কতটা প্রভাব কর্মসংস্থানের উপরে পড়বে, তা নিয়ে উদ্বেগ বেড়েছে।

