বাগনানে হাইড্রোপোনিক পদ্ধতিতে শাকসব্জি চাষ
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্কঃ এখন মাটি ছাড়াই শাকসব্জি চাষ হবে। এবার বাগনানের ১নম্বর ব্লকে বৈজ্ঞানিক (হাইড্রোপোনিক) পদ্ধতিতে একশো দিনের প্রকল্পে চাষ শুরু করা হয়েছে। সব্জি চাষের এই পদ্ধতিটি এক মাস আগে শুরু হয়েছে। জেলা প্রশাসন সূত্রের খবর, এটি একটি পাইলট প্রকল্প। আগামী দিনে জেলার অন্যান্য ব্লকগুলিতেও এই পদ্ধতিতে সব্জি চাষের পরিকল্পনা রয়েছে। বিশেষত শহরাঞ্চলে যেখানে মাটি অপর্যাপ্ত সেখানে এই চাষের পরিকল্পনা রয়েছে।
স্থানীয় সূত্রের খবর, বাগনান ১ নম্বর ব্লকের ৬০০ বর্গফুট এলাকায় পরীক্ষামূলকভাবে বেগুন, লেটুস ও বাঁধাকপি সহ পাঁচ-ছয় প্রকার সব্জির চাষ হচ্ছে। একশো দিনের প্রকল্পে হাইড্রোপনিক পদ্ধতিতে চাষ করতে ৩ লক্ষ টাকা ব্যয় করা হয়েছে। এক্ষেত্রে আরও জানা গিয়েছে, এইভাবে চাষ করা শাকসব্জিগুলির স্বাদ ও গুণ রয়েছে। ৬০০ বর্গফুট জায়গার দু’পাশে বেশ কয়েকটি জলের পাইপ বসানো হয়েছে। পাইপের মধ্যে এক ফুট দূরত্বে ছিদ্র করে প্লাস্টিকের বালতি বসানো রয়েছে এবং মাটির পরিবর্তে কোকপিট দেওয়া হয়। প্রসঙ্গত, তিন থেকে সাড়ে তিন ইঞ্চি চারা কোকপিটে বসানো হয়। বর্তমানে চারাগুলি ছয় ইঞ্চিরও বেশি বেড়েছে। এই পদ্ধতিতে প্রাথমিকভাবে চাষ করতে খরচ হলেও পরে এটির জন্য খুব বেশি খরচ হয় না বলে জানা গিয়েছে।

