শিশুদের সুষম বিকাশে অগ্রণী পশ্চিমবঙ্গ
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্কঃ ওয়ার্ল্ড ভিশন ইন্ডিয়া শিশুদের স্বাচ্ছন্দ্য সূচক নিয়ে একটি সমীক্ষা করছে। এই গবেষণাটি শরীর, স্বাস্থ্য, মানসিক প্রতিরোধ, কল্পনা, চিন্তাভাবনা, আবেগ, দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ও খেলার পরিবেশ ইত্যাদি গুরুত্বপূর্ণ বিষয়গুলি বিবেচনায় নিয়ে পরিচালিত হয়েছিল। এক্ষেত্রে দেখা গিয়েছে, পূর্ব ভারতের ৬টি রাজ্যের ১৮৮টি জেলার মধ্যে শীর্ষে ৪টি জেলা বাংলার। এগুলি হল- দার্জিলিং, হাওড়া, হুগলি এবং নদিয়া।
ওয়ার্ল্ড ভিশন ইন্ডিয়ার প্রয়াসে দেশের ২৮ টি রাজ্য এবং ৯ টি কেন্দ্রশাসিত অঞ্চলগুলির ৬৪০ জেলায় সমীক্ষা চালানো হয়। কেন্দ্রীয় সরকারের মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা কৃষ্ণমূর্তি ভি সুব্রক্ষণ্যম সমীক্ষার ফলাফল প্রকাশ করেছেন। এ বিষয়ে তিনি জানান, শিশুদের সুষম বিকাশ রাষ্টের লক্ষ্য হলে তখনই অর্থনীতি শক্তপোক্ত হয়। কেন্দ্রীয় সরকার শিশুদের উন্নতির জন্য সবসময়ই তৎপর। ওয়ার্ল্ড ভিশন ইন্ডিয়ার পক্ষ থেকে আরও জানা যায়, শিশু কিভাবে বড় হয়ে উঠছে তার উপরেই সমাজের ভবিষ্যৎ নির্ভর করে। তাই শিশুদের বেড়ে ওঠার প্রক্রিয়া খুবই গুরুত্বপূর্ণ। সূত্রের খবর, ওয়ার্ল্ড ভিশনের সঙ্গে এই সমীক্ষায় কাজ করে চলেছে পাথফাইন্ডার ইন্টারন্যাশনাল ইন্ডিয়া, পভটি লার্নিং ফাউন্ডেশন, ওপি জিন্দাল স্কুল অফ ব্যাঙ্কিং অ্যান্ড ফিন্যান্স এবং মেলবোর্ন বিশ্ববিদ্যালয়।
এক্ষেত্রে আরও জানা যায়, সমীক্ষার নিরিখে দেশের মধ্যে এগিয়ে রয়েছে তামিলনাড়ু, কেরালা, হিমাচল প্রদেশ, পাঞ্জাব, এবং জম্বু-কাশ্মীর। অন্যদিকে এই সমীক্ষা অনুযায়ী অনেকটাই পিছনে রয়েছে ঝাড়খণ্ড, বিহার, ওড়িশা, মধ্যপ্রদেশ ও উত্তরপ্রদেশ। এছাড়াও মধ্য ও পূর্ব ভারতের মধ্যপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, বাংলা ও আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের মোট ১৮৮টি জেলার মধ্যে শিশু স্বাচ্ছন্দ্য সূচকে সেরা ৫টি জেলার মধ্যে বাংলার দার্জিলিং, হাওড়া এবং নদীয়াও রয়েছে। কেন্দ্রীয় সরকারের শিশু অধিকার ও সুরক্ষা সংক্রান্ত নীতি এই সমীক্ষার রিপোর্ট দেখে আরও মজবুত করা হবে বলে জানা গিয়েছে।

