Hosiery IndustryMiscellaneous 

হাওড়ার হোসিয়ারি শিল্পের সঙ্কটে বিপন্ন জীবন-জীবিকা

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : করোনার জেরে বিপন্ন সালকিয়ার হোসিয়ারি শিল্প। এই পেশার মানুষদের সঙ্কট বেড়েছে। স্থানীয় সূত্রের খবর, করোনার আবহে হাওড়ার সালকিয়ার হোসিয়ারি শিল্পে ধস নেমেছে। লকডাউন পর্ব কাটলেও এই পরিস্থিতি কবে স্বাভাবিক হবে তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। পরিস্থিতির উন্নতি হওয়ার সম্ভাবনা কম দেখছেন স্থানীয় মানুষ। স্থানীয় সূত্রের আরও খবর, সালকিয়ার মদন বিশ্বাস লেন, শিবগোপাল বন্দ্যোপাধ্যায় লেন, দশমীবাগান, অরবিন্দ রোড ও সালকিয়া স্কুল রোড-সহ বিস্তীর্ণ এলাকায় হোসিয়ারি ও শীতবস্ত্র তৈরির কাজ চলে।

ওই সব এলাকায় কাপড় এনে ইস্ত্রি করে ‘রোল’ করা হয়। আবার কোথাও কোথাও সেলাই মেশিনে কাটিং করা কাপড়ের টুকরো জোড়া হয়ে থাকে। ওই অঞ্চলগুলিতে পোশাক তৈরির পর তা প্যাকেটবন্দি করার কাজও করে থাকেন অনেকে। এছাড়া বিভিন্ন ধরনের জামা-কাপড় বানানোর কাজও হয়। জেলার অর্থনীতির একটা বড় নিয়ন্ত্রক হচ্ছে এই হোসিয়ারি শিল্প। স্থানীয় সূত্রে জানা যায়, করোনা আবহের মধ্যে বন্ধ থাকা ছোট ছোট কারখানাগুলি পুজোর মুখে খোলা হলেও বরাত সেভাবে আসছে না।

উল্লেখ্য, অন্য বছর পুজোয় এই সময়ে দম ফেলার অবসর পেতেন না কারখানার শ্রমিক ও মালিকরা। পরিস্থিতি সামাল দেওয়ার জন্য অস্থায়ী শ্রমিকও নিয়োগ করা হত। তবে এবার ভিন্ন পরিস্থিতি। ব্যয় বাঁচানোর জন্য শ্রমিক সংখ্যা কমছে। মালিকরা এখন নিজেই হাত লাগিয়েছেন উৎপাদনের জন্য। স্থানীয় শ্রমিকরা জানিয়েছেন, লোকাল ট্রেন চালু না হলে আমাদের ব্যবসায় গতি আসবে না। এর আগে জুলাই মাস থেকেই কাজের পরিমাণ বেড়ে যেত। এবার সেপ্টেম্বর মাসেও বরাত না পাওয়ায় কারখানা চলছে ঢিমেতালে। সব মিলিয়ে উপার্জনও কমেছে।

Related posts

Leave a Comment