ট্রেনিং দিয়ে ২৫০০ নাবিক নিচ্ছে ভারতীয় নৌসেনা
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: আর্টিফিসার অ্যাপ্রেন্টিস (এএ) – ফেব্রুয়ারি ২০২২ ব্যাচ -এর জন্য এবং সিনিয়র সেকেন্ডারি রেক্রুটস (এসএসআর) – ফেব্রুয়ারি ২০২২ ব্যাচ -এর জন্য মোট ২৫০০ নাবিক নিচ্ছে ভারতীয় নৌসেনা। নীচের মতো যোগ্যতার ভারতীয়, অবিবাহিত তরুণরা আবেদন করতে পারেন।
মোট অন্তত ৬০ শতাংশ নম্বর নিয়ে ম্যাথমেটিক্স, ফিজিক্স সহ কেমিস্ট্রি/ বায়োলজি/ কমপিউটার সায়েন্স -এর যে কোনও একটি বিষয় নিয়ে পড়ে উচ্চমাধ্যমিক/ সমতুল পাশ তরুণরা আবেদন করতে পারবেন। জন্মতারিখ হতে হবে ১-২-২০০২ থেকে ৩১-১-২০০৫ তারিখের মধ্যে। দৃষ্টি – চশমা ছাড়া ভাল চোখে ৬/৬ এবং খারাপ চোখে ৬/৯ আর চশমা-সহ উভয় চোখে ৬/৬ হতে হবে। উচ্চতা হতে হবে অন্তত ১৫৭ সেমি ও বুকের ছাতি ৫ সেমি সম্প্রসারণের ক্ষমতা থাকা চাই।
মোট ২৫০০ শূন্যপদের জন্য প্রায় ১০০০০ প্রার্থীকে লিখিত পরীক্ষা এবং শারীরিক সক্ষমতার পরীক্ষায় ডাকা হবে।
“এএ” ব্যাচের ক্ষেত্রে ৯ সপ্তাহের এবং “এসএসআর” ব্যাচের ক্ষেত্রে ২২ সপ্তাহের ট্রেনিং হবে আইএনএস চিলিকায়। ট্রেনিং শুরু হবে ২০২২ সালের ফেব্রুয়ারি মাস থেকে।
প্রাথমিক ট্রেনিং চলাকালীন স্টাইপেন্ড মাসে ১৪,৬০০ টাকা। সফল ট্রেনিং শেষে মূল মাইনে ২১,৭০০ – ৬৯,১০০ টাকা। সঙ্গে প্রতি মাসে মিলিটারি সার্ভিস পে ৫,২০০ টাকা ও অন্যান্য সুযোগ-সুবিধা।
১ ঘণ্টার লিখিত পরীক্ষায় ইংরিজি এবং হিন্দিতে অবজেক্টিভ টাইপ, উচ্চমাধ্যমিক মানের প্রশ্ন হবে -ইংলিশ, সায়েন্স, ম্যাথমেটিক্স এবং জেনারেল নলেজ বিষয়ে। সফল হলে একইদিনে হবে শারীরিক সক্ষমতার পরীক্ষা। পরীক্ষায় থাকবে ৭ মিনিটে ১.৬ কিমি দৌড়, ২০টি ওঠ বোস এবং ১০টি পুশ আপ। এতে সফলদের আইএনএস চিলিকায় হবে ডাক্তারি পরীক্ষা ।
শারীরিক সক্ষমতার পরীক্ষায় সফল হলে (এএ) এবং (এসএসআর) ব্যাচের প্রার্থীদের যথাক্রমে সর্বভারতীয় ও রাজ্যভিত্তিক মেধাতালিকা প্রস্তুত করা হবে লিখিত পরীক্ষার নম্বরের ভিত্তিতে। আগামী বছরের জানুয়ারি/ ফেব্রুয়ারি মাস নাগাদ নিচে বলা ওয়েবসাইটে মেধাতালিকা প্রকাশিত হবে।
দরখাস্ত পূরণ করবেন কেবলমাত্র অনলাইনে www.joinindiannavy.gov.in ওয়েবসাইটের মাধ্যমে, ২৫ অক্টোবরের মধ্যে। কমন সার্ভিস সেন্টারের মাধ্যমে আবেদন করলে দিতে হবে ৬০ টাকা (জিএসটি আলাদা)। আরও বিস্তারিত তথ্য পাবেন ওপরে বলা ওয়েবসাইটে।

