সুন্দরবনের নোনা জলের কুমীর পূর্ব-মেদিনীপুরে,উদ্ধার ঘিরে চাঞ্চল্য
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: নোনা জলের কুমীর উদ্ধার হল পূর্ব মেদিনীপুরে।স্থানীয় সূত্রের খবর, এ মাসের মধ্যে এখন পর্যন্ত ৩ বার নোনা জলের কুমীর উদ্ধার হয়েছে এই জেলায়। রাজ্য বন দফতর সূত্রে খবর, পূর্ব মেদিনীপুরে এই প্রথম বিশ্বের সবচেয়ে বৃহত্তম কুমীর প্রজাতির সন্ধান পাওয়া গিয়েছে। এক্ষেত্রে প্রাথমিকভাবে বন দফতর মনে করছে, সুন্দরবন থেকে হুগলি নদীর প্রায় ৫০ থেকে ১৫০ কিলোমিটার সাঁতরে এই কুমীরগুলি মেদিনীপুরের দিকে এসেছে।
এক্ষেত্রে বিশেষজ্ঞমহলের ধারণা, আম্ফান সাইক্লোন তাণ্ডবের ফলে অনেক কিছুই বদল ঘটেছে। আবার করোনা আবহের জেরে লকডাউন পরিস্থিতিতে এলাকার জল অন্যবারের থেকে শান্ত থাকায় এইসব এলাকা কুমীররা বেছে নিয়েছিল প্রজনন ও ডিম পারার জন্য।বন দপ্তর সূত্রের আরও খবর, সেপ্টেম্বর মাসের ১২ ও ২৪ তারিখে দু’টি কুমীর প্রথম উদ্ধার হয় নিজকসবা বিটের বাজকুল রেঞ্জ থেকে। আবারও একটি কুমীর শনিবার উদ্ধার হয়েছে একই বিটের এগরা রেঞ্জ থেকে।
বন দফতর ও প্রত্যক্ষদর্শীদের বিবরণ অনুযায়ী জানা গিয়েছে,প্রথম যে দু’টি কুমীর উদ্ধার হয়েছিল, তা ফের নদীতে ছেড়ে দেওয়া হয়েছে। শেষে উদ্ধার হওয়া কুমীরটি পরীক্ষার জন্য পাঠানো হয়েছে আলিপুর চিড়িয়াখানায়। উদ্ধার হওয়া কুমীরটি ১৩-১৪ ইঞ্চি লম্বা এবং এক বছরের বেশি বয়স।সুন্দরবন থেকে সুদূর পূর্ব- মেদিনীপুরে পরপর কুমীর উদ্ধার ঘিরে চাঞ্চল্য।

