সাধারণতন্ত্র দিবসে এবার অনেক কিছুই রদ – বদল হচ্ছে
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : সাধারণতন্ত্র দিবস- ২০২১। ৫৫ বছরে এই প্রথম। থাকছেন না কোনও প্রধান অতিথি। বাতিল হল মোটর সাইকেল স্টান্টও। সরকারিভাবে জানানো হয়েছে, করোনা সংক্রমণ বাচ্চা ও বয়স্ক মানুষদের তাড়াতাড়ি হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই এই দুই অংশ বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। করোনা আবহে পালটেছে একাধিক পরিস্থিতি। এবার সাধারণতন্ত্র দিবসের অনেক কিছুই বদল হচ্ছে। আগামীকাল ৭২তম সাধারণতন্ত্র দিবস। সেই উপলক্ষ্যে প্রতি বছরের মতো প্যারেডের আয়োজন হয়েছে রাজপথে। শারীরিক দূরত্ব বজায় রেখে কুচকাওয়াজে অনেকটাই পরিবর্তন হতে পারে।
এ বছর করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে একাধিক পরিবর্তন আসছে
এই অনুষ্ঠানে। কমছে প্যারেডের রুট ও কমানো হচ্ছে সাধারণ মানুষের উপস্থিতি। ৫৫ বছরে এই প্রথম প্রথা ভেঙে কুচকাওয়াজে উপস্থিত থাকবেন না কোনও প্রধান অতিথি। এবার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিদেশ মন্ত্রকের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব জানিয়েছেন, বিশ্বে করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুরুতে ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসনকে কুচকাওয়াজের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়। বিশেষ করে ব্রিটেনে করোনার নতুন স্ট্রেইন সামনে আসায় বরিস জনসন নিজেই ভারতে আসবেন না বলে জানিয়ে দেন। উল্লেখ করা যায়, গত বছর কয়েক লক্ষ মানুষের সমাগম হয়েছিল এই অনুষ্ঠানে। এ বছর সেই সংখ্যা অনেকটাই কমিয়ে দেওয়া হয়েছে। মোট ১৫ হাজার মানুষ উপস্থিত থাকবেন বলে জানা গিয়েছে। যার মধ্যে মাত্র ৪,৫০০ জন টিকিট কেটে অনুষ্ঠান দেখতে পারবেন বলে জানা গিয়েছে।
এ বিষয়ে আরও জানা যায়, অনুষ্ঠানে অংশগ্রহণকারী প্রত্যেকটি টিমের প্রত্যেক সদস্যকে করোনা নির্দেশিকা মেনে মুখে মাস্ক পড়ার নির্দেশ দেওয়া হয়েছে। কমিয়ে দেওয়া হয়েছে আমন্ত্রণের সংখ্যাও। আবার অনুষ্ঠান দেখার জন্য যে বসার জায়গা করা হয়েছে, তাতে অনেকটা দূরত্ব রাখা হয়েছে। প্যারেডের আকার ছোট করে দেওয়াও হচ্ছে। বিজয় চক থেকে লাল কেল্লা পর্যন্ত ৮.২ কিলোমিটারের যে লম্বা প্যারেডের আয়োজন প্রতি বছর হয়ে থাকে তাতেও পরিবর্তন করা হয়েছে। জানা যায়, এ বছর লাল কেল্লার পরিবর্তে ন্যাশনাল স্টেডিয়াম পর্যন্ত এই প্যারেড চলবে। যার দূরত্ব ৩.৩ কিলোমিটার হবে। এ বিষয়ে আরও জানা যায়,৩২টি ট্যাবলো লাল কেল্লায় অনুষ্ঠানে যোগ দেবে। লাদাখের ট্যাবলো থাকবে এবার প্রথম।
সূত্রের আরও খবর, সেনাবাহিনী ও সাধারণ মানুষের সুরক্ষায় নিরাপত্তা বাড়াচ্ছে দিল্লি পুলিশ। শহরের প্রায় ৭৫ শতাংশ পুলিশ আধিকারিক ৮৭ হাজার পুলিশ আগামীকাল অনুষ্ঠানের নিরাপত্তায় থাকবেন বলে জানা গিয়েছে। তৃতীয়বারের জন্য বাংলাদেশ সশস্ত্র বাহিনীর ১২২ জন সেনা আধিকারিক প্যারেডে অংশ নেবেন। অনুষ্ঠানের বেশ কিছু অংশ বাতিল করা হয়েছে। যেমন- ভেটেরানস প্যারেড, ন্যাশনাল ব্রেভারি অ্যাওয়ার্ড বাতিল করা হয়েছে। বাতিল করা হয়েছে মোটরসাইকেল স্টান্টস। দিল্লিতে কৃষকদের আন্দোলন ও মিছিলের প্রভাব প্যারেডে পড়ার কোনও সম্ভাবনা নেই বলে জানানো হয়েছে।

