প্রায় ৩৫ কোটি টাকার বিরল মূর্তির উদ্ধার
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্কঃ দক্ষিণ দিনাজপুরের কুশমন্ডি থানার অন্তর্গত একটি এলাকা থেকে উদ্ধার হল ৩৫ কোটি টাকার প্রত্নসামগ্রী।সূত্রের খবর, আগে থেকেই শুল্ক দফতরের কাছে খবর ছিল বাংলাদেশে পাঁচার হবে ওই প্রত্নসামগ্রী। সেইমতো শুল্ক দফতরের অফিসারেরা দক্ষিণ দিনাজপুর থেকে কিছুটা দূরে অবস্থিত কালিয়াগঞ্জের কুশমন্ডিতে অপেক্ষা করছিলেন । একটি ট্রাকে করে নিয়ে যাওয়া হচ্ছিলো ওইসব দুর্লভ দেব-দেবীর মূর্তিগুলো। উদ্ধার হওয়া মূর্তিগুলি নবম থেকে ষোড়শ খ্রীষ্টাব্দের বলে জানিয়েছেন প্রত্নতত্ববিদরা। শুল্ক দফতরের অফিসারদের কাছে আগে থেকেই খবর ছিল, ট্রাকে চালের বস্তার আড়ালে পাচার হচ্ছে মূর্তিগুলো। ট্রাকটিকে আসতে দেখে পথ আটকানো হয়। জানা গিয়েছে, গাড়ি চালক সামনে শুল্ক দফতরের গাড়ি দেখে গাড়ি থামিয়ে এলাকা ছেড়ে পালায়। পাচারকারীদের পরিকল্পনা ছিল কালিয়াগঞ্জ সীমান্ত দিয়ে পাচারের, বলে দাবি শুল্ক কর্তাদের। গাড়ি বাধা পেতেই উদ্ধার হয় ওইসব দুর্লভ মূর্তিগুলো। জানা যায়, যার মূল্য প্রায় ৩৫ কোটি ৩০ লক্ষ টাকা। তার মধ্যে রয়েছে পাথরের পার্বতী মূর্তি, সূর্য্য মূর্তি, মনসা মূর্তি, রয়েছে ব্রোঞ্জ এবং অষ্টধাতুর তৈরি বিভিন্ন মূর্তি। ঘটনার তদন্ত চলছে।

