নিট পরীক্ষার দিন ঘোষণা-১২ সেপ্টেম্বর হবে পরীক্ষা
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: ঘোষিত হয়েছে নিট পরীক্ষার দিন। কাল থেকে শুরু হচ্ছে রেজিস্ট্রেশন। দেশজুড়ে নিট পরীক্ষার দিন ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার । আগামীকাল ১৩ জুলাই বিকেল ৫টা থেকে ন্যাশনাল টেস্টিং এজেন্সি-এর ওয়েবসাইটে রেজিস্ট্রেশন শুরু হবে।
এক্ষেত্রে জানা গিয়েছে, চলতি বছরের ১২ সেপ্টেম্বর হবে পরীক্ষা । ন্যাশনাল টেস্টিং এজেন্সি-র ওয়েবসাইট https://ntaneet.nic.in এ রেজিস্ট্রেশন শুরু হবে। করোনা আবহে বিধি-নিষেধ মেনে পরীক্ষা নেওয়া হবে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী এ খবর জানিয়েছেন। করোনা পরিস্থিতির মধ্যে কবে হবে নিট পরীক্ষা, তা নিয়ে ঘোষণার অপেক্ষায় ছিলেন কয়েক লক্ষ ছাত্র-ছাত্রী। পূর্বনির্ধারিত তারিখ ১আগস্ট পরীক্ষা না হওয়ার ইঙ্গিত ছিল।
সূত্রের খবর,প্রাথমিকভাবে ১ আগস্ট এবারের নিট পরীক্ষা হওয়ার কথা ছিল। করোনার প্রভাবে তা শেষ পর্যন্ত পিছিয়ে দেওয়া হয়েছে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী এ বিষয়ে জানিয়েছেন, করোনা সতর্কতা বিধি মেনে পরীক্ষাকেন্দ্রে সকল প্রার্থীকে মাস্ক দেওয়া হবে। পরীক্ষাকেন্দ্রে প্রবেশ ও বের হওয়ার জন্য বিভিন্ন সময় নির্দিষ্ট থাকবে । রেজিস্ট্রেশন, স্যানিটাইজেশন ও সামাজিক দূরত্ব মেনে পরীক্ষাকেন্দ্রে বসার ব্যবস্থা থাকবে। এক্ষেত্রে আরও জানানো হয়েছে, সামাজিক দূরত্ববিধি নিশ্চিত করার জন্য শহরের সংখ্যা বাড়ানো হয়েছে। ১৫৫ টি শহরের পরিবর্তে ১৯৮ টিতে পরীক্ষা হবে। ২০২০ সালে ৩,৮৬২ টি পরীক্ষা কেন্দ্রের ব্যবস্থা ছিল। এবার সেই সংখ্যাও বাড়তে চলেছে বলে খবর।
উল্লেখ করা যায়,MBBS, BDS, BAMS, BSMS, BUMS ও BHMS কোর্সের জন্য পরীক্ষা নেওয়া হয়ে থাকে নিটের মাধ্যমে। তথ্য অনুযায়ী জানা যায়, গত বছর করোনা আবহের মধ্যেও প্রায় ১৫লক্ষ প্রার্থী এই প্রবেশিকা পরীক্ষা দিয়েছিলেন। এবার পরীক্ষার্থীর সংখ্যা বাড়বে বলে মনে করা হচ্ছে। প্রসঙ্গত,গত মার্চে লোকসভায় তৎকালীন শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল নিশাঙ্ক জানিয়েছিলেন, চলতি বছর একবারই নিট নেবে ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)। এক্ষেত্রে জানানো হয়,হিন্দি ও ইংরেজি-সহ ১১ টি ভাষায় নিট নেওয়া হবে। গত বছর করোনা আবহে পরীক্ষা পিছিয়ে সেপ্টেম্বরে নেওয়া হয়।

