ভারতের পাশাপাশি টিকটক বন্ধের সিদ্ধান্ত পাকিস্তানের
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: এবার পাকিস্তানেও বন্ধ হতে চলেছে চিনা অ্য়াপ ‘টিকটক’। জানা গিয়েছে, ভারত, আমেরিকার পাশাপাশি পাকিস্তানও নিষিদ্ধ করল এই চিনা অ্য়াপটিকে। সূত্রের খবর, আপত্তিজনক বিষয়বস্তুর কারণ দেখিয়েই এই পদক্ষেপ গ্রহণ করল ইমরান খান সরকার। পাকিস্তান টেলিকমিউনিকেশন অথরিটি (পিটিএ) সূত্রে খবর, জনপ্রিয় এই চিনা ভিডিও অ্যাপের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হয়েছে। কারণ হিসেবে বলে হয়েছে, বেআইনি অনলাইন কনটেন্টের উপযুক্ত সংশোধনে কার্যকর মেকানিজম চালু করা বিষয়ক সরকারি আদেশ পালনে ব্যর্থ হয়েছে এই চিনা অ্যাপ কোম্পানিটি।
পাকিস্তান টেলিকম অথরিটির মতে, ছোট ভিডিও তৈরির ক্ষেত্রে এই চিনা অ্যাপটিতে যে ধরনের বিষয়বস্তু থাকে তা অশোভন ও কুরুচিকর। যা পাকিস্তানের যুবসমাজে ভুল পথে চালনা করতে পারে। প্রসঙ্গত, চলতি বছরের জুলাই মাসে টিকটকের কনটেন্ট সংশোধনের জন্য শেষবারের মতো সতর্কবার্তা দিয়েছিল পাক টেলিকম সংস্থাটি। তবে তা পালন করতে ব্যর্থ বলে অভিযোগ করেছে পিটিএ।
উল্লেখ্য, চলতি বছরে ভারত, আমেরিকা, অস্ট্রেলিয়ার মতো দেশে টিকটক ব্যান করা হয়েছে। জাতীয় সুরক্ষা ও তথ্যের গোপনীয়তা চুরি হওয়ার কারণে এই দেশগুলি চিনা অ্যাপের ওপর নিষেধাজ্ঞা জারির সিদ্ধান্ত নিয়েছে। অন্যদিকে লাদাখ সীমান্তে চিনের সঙ্গে ভারতের টানাপোড়েনকেই নিষেধাজ্ঞা জারির অন্যতম কারণ হিসেবে মনে করা হচ্ছে।
পিটিএ সূত্রে আরও খবর, তাদের কাছে এ ব্যাপারে বহু অভিযোগও জমা পড়ার পর চিনা অ্যাপটিকে চূড়ান্ত নোটিশ পাঠিয়ে জবাব তলবের জন্য অনেকটা সময়ও দেওয়া হয়েছিল। কিন্তু তারা সেই নির্দেশ পুরোপুরি পালনে ব্যর্থ হয়েছে বলেও অভিযোগ টেলিকম অথরিটির। তার ভিত্তিতেই পাকিস্তানে টিকটক ব্লক করার আদেশ জারি করা হয়েছে বলে মনে করা হচ্ছে।

