প্রবীণ নাগরিকদের আর্থিক সুবিধায় উদ্যোগী ব্যাঙ্ক
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্কঃ সিনিয়র নাগরিকদের অতিরিক্ত আর্থিক সুবিধা দেওয়ার জন্য একাধিক ব্যাঙ্ক বিশেষ মেয়াদি আমানত প্রকল্প নিয়ে এসেছে। এই ব্যাঙ্কগুলি সাধারণ মেয়াদি আমানতের তুলনায় প্রবীণ নাগরিকদের মেয়াদি আমানতের উপর অতিরিক্ত সুদ দিচ্ছে। আমানতের সুদের হার দ্রুত হ্রাস পাওয়ায় ব্যাঙ্কগুলি প্রবীণ নাগরিকদের কিছু আর্থিক সুবিধা দেওয়ার চেষ্টা করছে। এই বছরের ৩১ ডিসেম্বর অবধি প্রবীণ নাগরিকরা এই বিশেষ মেয়াদী আমানতের সুবিধা নিতে পারেন। ব্যাঙ্কগুলি একনজর হল-
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া: প্রবীণ নাগরিকদের আমানতের উপর পাঁচ বছর বা তারও বেশি সময়কালের জন্য স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ০.৮০% বেশি সুদের অফার দিচ্ছে। কোনও প্রবীণ ব্যক্তি যদি ব্যাঙ্কের ‘এসবিআই উইকেয়ার’ মেয়াদী আমানত প্রকল্পে অর্থ রাখেন, তবে তিনি বার্ষিক ৬.২০ শতাংশ হারে সুদ পাবেন।
এইচডিএফসি ব্যাঙ্ক : এই ব্যাঙ্ক এইচডিএফসি ‘সিনিয়র সিটিজেন কেয়ার’ নামে একটি প্রকল্প চালু করেছে। এক্ষেত্রে সাধারণ মেয়াদী আমানত থেকে ০.৭৫% অতিরিক্ত সুদ দেওয়া হবে।
আইসিআইসিআই ব্যাঙ্ক : গোল্ডেন ইয়ার্স নামে একটি বিশেষ স্কিমে ব্যাঙ্ক প্রবীণ নাগরিকদের অতিরিক্ত সুদের হার ০.৮০ শতাংশ দেবে। এক্ষেত্রে, প্রবীণ নাগরিকরা পাঁচ বছর বা তারও বেশি আমানতের উপর বছরে ৬.৩০ শতাংশ হারে সুদ পাবেন বলে জানা যায়।
ব্যাঙ্ক অফ বরোদা : প্রবীণ নাগরিকদের জন্য পাঁচ বছরের বেশি বা দশ বছরের জন্য বিশেষভাবে তৈরি করা এই বিশেষ মেয়াদি স্কিমটিতে বিনিয়োগ করলে বার্ষিক ৬.৩০ শতাংশ হারে সুদ পাবেন বলে জানা গিয়েছে।

