ডিজিটাল মুদ্রা এক্সচেঞ্জ শেয়ার বাজারে
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : এই প্রথম শেয়ার বাজারে ডিজিটাল মুদ্রা এক্সচেঞ্জ। সূত্রের খবর, এই প্রথম শেয়ার বাজারে নথিভুক্ত হয়েছে ডিজিটাল মুদ্রার কোনও এক্সচেঞ্জ। উল্লেখ করা যায়, নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জে নথিভুক্ত হয়েছে কয়েনবেস গ্লোবাল। নথিভুক্তির সময়ে সংস্থার শেয়ারমূল্য দাঁড়িয়েছে প্রায় ৯১০০ কোটি ডলার। গত সেপ্টেম্বরেও যা ছিল ৫৮০ কোটি ডলার। বিভিন্ন লগ্নিকারী সংস্থা সূত্রে জানানো হয়েছে, এই ঘটনা বিটকয়েন-সহ বিভিন্ন ডিজিটাল মুদ্রার ব্যবহার বাড়াতে সাহায্য করবে।
পাশাপাশি সাধারণের কাছে সেগুলিকে আরও গ্রহণযোগ্য করে তুলবে বলেও জানানো হয়। অন্য একটি অংশের পক্ষ থেকে বলা হয়েছে, এই মুদ্রায় এখনও কোনও নিয়ন্ত্রণ নেই। তাই এতে ক্ষতির সম্ভাবনাও থাকছে। এমনকী বিভিন্ন দেশের সরকারও সতর্ক করছে। এক্ষেত্রে আরও বলা হয়, দেখে নিতে হবে ক্রিপ্টোকারেন্সির বাজার কীরকম থাকে। সরকার কী সিদ্ধান্ত গ্রহণ করবে তার দিকে। এই নথিভুক্তি মাইলফলক, তা মেনে নিচ্ছেন অনেকেই।
উল্লেখ্য, ২০০৮-০৯ সালের বিশ্ব মন্দা ও তার পরবর্তী জমানায় প্রথম প্রচারে এসেছিল এই ডিজিটাল মুদ্রা। এক্ষেত্রে আরও জানা যায়, সাতোশি নাকামোতোর একটি প্রবন্ধে চেনা গিয়েছিল বিটকয়েনকে। তবে নাকামোতো নিয়ে বিশদে জানা যায়নি। প্রথমে এক ব্যক্তির থেকে অন্য ব্যক্তির মধ্যে লেনদেন দিয়ে এর সূচনা হলেও পরে বাণিজ্যিক কাজেও ব্যবহার বাড়তে থাকে। বাজারে আসে আরও বহু ক্রিপ্টোকারেন্সি।
আবার ভারত-সহ বিভিন্ন দেশের সরকার এবং শীর্ষ ব্যাঙ্কও এই ধরনের ডিজিটাল মুদ্রা ব্যবহার নিয়ে সতর্ক করে এসেছে। এ বিষয়ে আরও জানা যায়, ২০১৪-১৫ সালে জাপানে জালিয়াতির অভিযোগে বন্ধ হয় বিটকয়েন এক্সচেঞ্জ। তবে থেমে যায়নি তার গতি। কয়েনবেসের নথিভুক্তির খবরে তার দর স্পর্শ করেছে ৬৪ হাজার ডলার, যা রীতিমতো রেকর্ড।

