রাজ্যের ৭০ হাজার ঢালাই শিল্প কর্মী সঙ্কটে
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : বিগত ৬ মাসের মধ্যে লৌহ আকরিক থেকে তৈরি প্রাথমিক লোহার টুকরো এবং ইস্পাতের ছাঁটের মতো কাঁচামালের দাম প্রায় ৫০ শতাংশ বেড়েছে। ফলে বিপদ বেড়েছে ঢালাই শিল্পে। সংশ্লিষ্ট মহলের দাবি, খরচের জেরে উৎপাদন কমাতে বাধ্য হয়েছে। এই আর্থিক অসঙ্গতির প্রভাব পড়ছে কর্মীদের মধ্যে। রাজ্যে এই শিল্পের সঙ্গে যুক্ত প্রায় ৭০ হাজার কর্মীর চাকরি ঘিরে অনিশ্চয়তা দেখা দিয়েছে। উল্লেখ্য, বিভিন্ন শিল্পের সঙ্গে নিকাশি পরিকাঠামো তৈরিতেও ব্যবহার করা হয় ঢালাই লোহা।
ঢালাই সংস্থাগুলির সংগঠন ফাউন্ড্রি ক্লাস্টার ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনের চেয়ারম্যানের মতে, ৬ মাসে এই পণ্য তৈরির কাঁচামাল পিগ আয়রন ও মেটাল স্ক্র্যাপের দাম প্রায় ৫০ শতাংশ বেড়ে যাওয়ায়, বেড়েছে উৎপাদন খরচ। অথচ ব্যবসায় টিকে থাকতে পণ্যের দাম বাড়ানো যাচ্ছে না। অনেক সংস্থা কর্মসঙ্কোচন করতে বাধ্য হয়েছে। হিসেব অনুযায়ী, দেশে এই শিল্পে প্রায় ২০ লক্ষ মানুষ যুক্ত। এ রাজ্যে ৩০০-র মতো ঢালাই কারখানা রয়েছে হাওড়া, রানিগঞ্জ ও আসানসোলে। এর সঙ্গে যুক্ত প্রায় ৭০ হাজার কর্মী। এছাড়াও পরোক্ষ কর্মসংস্থান প্রায় ২ লক্ষের মতো। দেশের ইঞ্জিনিয়ারিং পণ্য রফতানি বাণিজ্যে ঢালাই শিল্পের ভূমিকা গুরুত্বপূর্ণ। মোট রফতানির প্রায় ২৮ শতাংশই ঢালাই পণ্য।
সূত্রের খবর, ঢালাই পণ্যের কাঁচামালের দাম চড়ছে মূলত দুটি কারণে। একদিকে ওড়িশায় নতুন খনিগুলিতে লৌহ আকরিক উৎপাদন এখনও শুরু হয়নি। অন্যদিকে দ্রুত বৃদ্ধি পেয়েছে লৌহ ইস্পাতের রফতানি। এ বিষয়ে জানা গিয়েছে, উৎপাদন কমায় ও রফতানি বাড়ায় দেশে লৌহ আকরিকের জোগান কমেছে, ফলে দাম বেড়েছে কাঁচামালের। এইভাবে চলতে থাকলে ঢালাই পণ্য আমদানি করতে হতে পারে।

