আলোহীন এলাকার ভগ্ন রাস্তা, ক্ষোভ বাড়ছে গোবরডাঙায়
কাজকেরিয়ার নিউজ ডেস্ক, নিজস্ব প্রতিনিধি, গোবরডাঙ্গা: আম্ফান কাণ্ডের পর প্রায় ৪ মাস কেটে গিয়েছে। কিন্তু এখনও নিষ্প্রদীপ গোবরডাঙ্গা পৌরসভার অন্তর্গত ১ ও ২ নম্বর ওয়ার্ডের বিস্তীর্ণ এলাকার রাস্তাঘাট। স্থানীয় সূত্রে খবর, ১ নম্বর ওয়ার্ডের গৈপুর চৌমাথা থেকে গোবরডাঙ্গা কলেজ পর্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তাটি রাত নামলেই গভীর অন্ধকারে ডুবে থাকে। পাশাপাশি একই অবস্থা ২ নম্বর ওয়ার্ডের গোবরডাঙ্গা কলেজ থেকে গোবরডাঙা হাসপাতাল পর্যন্ত রাস্তার। উল্লেখ্য, দুটি রাস্তার একটা বিশাল অংশ জুড়ে রয়েছে জনবিহীন এলাকা। রাস্তাও খানাখন্দে ভরা।

এই অবস্থায় সাধারণ পথচারীদের জীবন প্রায় দুর্বিষহ হয়ে উঠেছে। অভিযোগ, স্থানীয় প্রশাসনের বিষয়টি নজরে এলেও এখন পর্যন্ত কোনও ফল পাওয়া যায়নি। এবিষয়ে আরও জানা যায়, এমনিতেই বর্ষার জল জমছে বিভিন্ন এলাকার রাস্তায়। তারপর সাপের উপদ্রবও বেড়েছে।উদ্বেগের মধ্যে রয়েছেন গোবরডাঙ্গা পৌরসভার ১ ও ২ নম্বর ওয়ার্ডের সাধারণ মানুষ। এই রাস্তা প্রতিদিন ব্যবহার করেন কয়েক হাজার মানুষ। এই বিষয় নিয়ে আগামীদিনে বড় আন্দোলন হবে বলে স্থানীয়ভাবে জানা গিয়েছে।

