কেএমডিএর উদ্যোগে পশু দাহের জন্য বৈদ্যুতিক চুল্লি
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্কঃ এবার থেকে পশু দাহের জন্য তৈরি হল বৈদ্যুতিক চুল্লি। দক্ষিণ দমদমের প্রমোদনগরে মৃত প্রাণীদের দাহ করার জন্য দুটি অত্যাধুনিক বৈদ্যুতিক চুল্লি তৈরি করা হয়েছে। পুরমন্ত্রী ফিরহাদ হাকিম কেএমডিএর তৈরি দুটি চুল্লির উদ্বোধন করেন। জানা গিয়েছে, ৮০০ ডিগ্রি সেলসিয়াস অবধি তাপমাত্রা তৈরি করতে সক্ষম, এই দুটি চুল্লি ৫০০ কেজি পর্যন্ত ওজনের প্রাণীর মৃতদেহ পোড়াতে পারে।
পুরমন্ত্রী ফিরহাদ হাকিম এবিষয়ে জানিয়েছেন, কলকাতা এবং লাগোয়া পুর এলাকার রাস্তায় পড়ে থাকা মৃত পশুগুলি যেমন এখানে তুলে এনে পোড়ানো হবে, তেমনই যে কোনও ব্যক্তিও এখানে মৃত পশু এনে পোড়াতে পারবেন।
জনবহুল অঞ্চল থেকে অনেক দূরে এই চুল্লি তৈরি করা হয়েছে বলে দাবি করেছেন পুরমন্ত্রী। তবে চুল্লিগুলি থেকে দূষণের মাত্রা রোধে সব ব্যবস্থা নেওয়া হয়েছে।
পশুপ্রেমীরা দীর্ঘদিন ধরে এ জাতীয় শ্মশানের দাবি করে আসছেন। সরকারের পদক্ষেপে খুশি স্থানীয় মানুষ।

