ভারতের পথে হেঁটেই টিকটক নিষিদ্ধের ভাবনা আমেরিকার
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: নরেন্দ্র মোদির পথেই হাঁটতে চলেছেন ট্রাম্প। এবার আমেরিকায় নিষিদ্ধ অ্যাপের তালিকাতেই ঢুকতে চলেছে টিকটক। সূত্রের খবর, মার্কিন মুলুকে জল্পনা চলছে, টিকটক-কে কিনে নিতে পারে তথ্যপ্রযুক্তি সংস্থা মাইক্রোসফট। এই জল্পনার মধ্যেই আমেরিকায় নিষিদ্ধ অ্যাপ-এর তালিকাতেই ঢুকতে চলেছে এই জনপ্রিয় অ্যাপটি। টিকটক ব্যবহারকারীদের তথ্য চুরি করে বেজিংয়ে পাঠানো হচ্ছে বলে অভিযোগ।
সূত্রের আরও খবর, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, শনিবারের মধ্যেই তিনি টিকটক-কে নিষিদ্ধ অ্যাপের তালিকাভুক্ত করতে চলেছেন। ফ্লোরিডায় এক অনুষ্ঠানে ট্রাম্প জানান, আমরা আমেরিকায় টিকটক-কে ব্যান করতে চলেছি। জরুরিভিত্তিতে এক্সিকিউটিভ অর্ডার পাশ করা হবে। সেই ক্ষমতা আমার হাতে রয়েছে।
ওয়াল স্ট্রিট জার্নাল-এর এক রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে, চিনা সংস্থা বাইটডান্স-এর ভিডিও অ্যাপ টিকটক-কে নিষিদ্ধ ঘোষণা করতে চলেছে হোয়াইট হাউস। পাশাপাশি কয়েকটি মার্কিন সংবাদপত্রে বলা হয়, টিকটক কেনার ব্যাপারে মাইক্রোসফট সহ বেশ কিছু আমেরিকান সংস্থা আগ্রহ দেখিয়েছে। তবে মাইক্রোসফট এই খবরটি অস্বীকার করেছে বলেও জানা যায় ৷
অন্যদিকে, টিকটক-এর পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, কোনও রটনা বা জল্পনাকে ভিত্তি করে আমার কিছু বলব না। তবে টিকটিক-এর দীর্ঘমেয়াদী সাফল্যের ব্যাপারে আমরা যথেষ্ট আশাবাদী। বিশেষজ্ঞরা মনে করছেন, টিকটক অ্যাপটির জনপ্রিয়তা ফেসবুক, স্ন্যাপচ্যাট-এর মতো মার্কিন অ্যাপগুলির চাহিদা কমিয়ে দিয়েছে। উল্লেখ্য, ২০১৭ সালে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপে টিকটক চালু করে বাইটডান্স। ইতিমধ্যেই ভারত ৫৯টি চিনা অ্যাপ নিষিদ্ধ করেছে ৷

