হতাশায় প্রতিদিন গড়ে ১ জন পড়ুয়া আত্মহত্যার শিকার- চাঞ্চল্যকর রিপোর্ট
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : বাড়ছে হতাশা, তার জেরে দৈনিক গড়ে একজন পড়ুয়া আত্মহত্যার শিকার হচ্ছেন। স্বরাষ্ট্রমন্ত্রকের এনসিআরবি-র রিপোর্টে এমনই চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। আবার স্বাস্থ্যমন্ত্রকের অন্তর্গত আইসিএমআর-এর ওই রিপোর্টে আরও জানানো হয়েছে, শিশু ও কিশোরদের মধ্যে ১০ থেকে ১৩ শতাংশকে গ্রাস করছে মানসিক সমস্যা। প্রসঙ্গত, সারা বিশ্বে বছরে হতাশার শিকার গড়ে ৫ কোটি ৬০ লক্ষ মানুষ। অন্যদিকে করোনার আবহ কেটে গেলেও এই সংখ্যা আরও বাড়বে বলেই অভিমত জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
এক্ষেত্রে আরও বলা হয়েছে, পরিবারের কারও করোনা পরিস্থিতিতে মৃত্যু, রোগের আতঙ্ক, বদলে যাওয়া পঠন-পাঠনের ধরন, বাইরে খেলাধূলায় বাধা, বন্ধুদের সঙ্গে দেখা সাক্ষাৎ না হওয়া, পরীক্ষার ফল-সহ একাধিক বিষয়ে এই হতাশার অন্যতম কারণ। মানবসম্পদ উন্নয়নমন্ত্রক সূত্রে বলা হয়েছে, সহানুভূতির সঙ্গে সমস্যার সমাধান তথা শিশু ও কিশোর মনে করোনার আবহে কু-প্রভাব আটকাতে সচেষ্ট হয়েছে কেন্দ্র। এক্ষেত্রে শুরু হল নতুন কর্মসূচি “মনোদর্পন”। এ প্রসঙ্গে আরও বলা হয়েছে, নিজেকে দেখে নিয়ে সচেতন হওয়া বা শুধরে নেওয়ার সুযোগ। কেবল পড়ুয়াই নয়। পড়ুয়াদের পাশে থাকতে শিক্ষক ও অভিভাবকদের ভূমিকাও থাকছে। মানবসম্পদ উন্নয়নমন্ত্রক এই কর্মসূচিকে সামনে রেখে পড়ুয়াদের মানসিক ও শারীরিক স্বাস্থ্য সতেজ রাখার উদ্যোগ বাড়াচ্ছে। পাশাপাশি শিক্ষকদের জন্যও শুরু করছে বিশেষ প্রশিক্ষণ। তার নাম দেওয়া হল “নিষ্ঠা”। সূত্রের খবর, অন্ধ্রপ্রদেশে পাইলট প্রকল্প শুরু হয়েছে। এরপর আগস্ট মাসে গোটা দেশে এই প্রকল্প শুরু হবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়নমন্ত্রী রমেশ পোখরিয়াল নিশাঙ্ক।

