এশিয়ার সর্বকনিষ্ঠ গল্প-কথক ছোট্ট শানায়ার রেকর্ড
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : ছোট্ট বয়স থেকেই মায়ের সঙ্গে লাইব্রেরিতে গিয়ে বই নেড়েচেড়ে দেখত মেয়েটি। এরপর আর একটু বয়স বাড়তেই নিজে নিজে গল্প লেখা আর গল্প বলা শুরু হয়। মাত্র ৬ বছর বয়সে আন্তর্জাতিক মঞ্চে গল্প পড়ে শোনানোর অভিজ্ঞতাও তৈরি হয়েছে। কলকাতার মহাদেবী বিড়লা ওয়ার্ল্ড অ্যাকাডেমি স্কুলের প্রথম শ্রেণির ছাত্রী শানায়া সিংহ সাফল্য পেল।
এশিয়ার সর্বকনিষ্ঠ গল্প বলিয়ে হিসেবে রেকর্ড গড়ল ওই ছোট্ট পড়ুয়া। জানা যায়, এ বছর ইস্ট লন্ডন রেডিও আয়োজিত ‘টকিং স্টোরিজ-৪৭’-এর মঞ্চে গল্প পড়ে শুনিয়েছে শানায়া। পাশাপাশি সিঙ্গাপুরের একটি পত্রিকায় তার নিজের লেখা গল্পও প্রকাশিত হয়েছে। আবার নিজের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলেও গল্প পড়ে শুনিয়ে থাকে ওই ছোট্ট মেয়ে।
এক্ষেত্রে আরও জানা যায়, লন্ডন রেডিও-র অনুষ্ঠানে ‘দ্য ট্রু ফ্রেন্ড’ নামে একটি নীতি কথামূলক গল্প শোনায় শানায়া। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টোনি। ক্র্যানস্টনের মতো বিখ্যাত কিছু গল্প-কথকেরাও ছিলেন। প্রতিযোগীদের মধ্যে বেশ কিছু পড়ুয়া ছিল। শানায়া তাঁদের চেয়ে অনেকটাই ছোট। আত্মবিশ্বাসী শানায়া এ বিষয়ে জানিয়েছে, একদম টেনশন হয়নি। খুব মজা লেগেছিল।
গল্প-কথক শানায়ার মা জানিয়েছেন, ছোট্ট থেকেই টিভি দেখার চেয়ে বই পড়তেই বেশি ভালবাসে শানায়া। এই বয়সে লাইব্রেরির কার্ড করিয়ে ফেলেছে সে, বই এনে পড়বে বলে। গল্প লেখালেখিও শুরু করেছে। বই পড়তে, নাচ-গান করতেও তার ভাল লাগে। সবচেয়ে ভাল লাগে বই পড়তে। স্কুলের বই, গল্পের বই সব পড়ে শেষ করে শানায়া।

