নাগাল্যান্ড-মণিপুর সীমান্তে ভয়াবহ দাবানল
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : নাগাল্যান্ড-মণিপুর সীমান্তের জুকো উপত্যকায় ভয়াবহ দাবানল। আগুন ছড়িয়ে পড়ছে পাহাড়ি বনেও। সূত্রের খবর, অগ্নিকাণ্ডের কারণে গত কয়েকদিনে বিশাল অরণ্য পুড়ে গিয়েছে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে। লেনিহান শিখা মণিপুরের সর্বোচ্চ চূড়া মাউন্ট আসোর দিকে এগিয়ে চলেছে। মণিপুর সরকার আগুন নিয়ন্ত্রণে আনতে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর সাহায্য চেয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিংয়ের সাথে আগুনের পরিস্থিতি নিয়ে কথা বলেছেন। তিনি সম্ভাব্য সকল সহায়তার আশ্বাস দিয়েছেন।
স্থানীয় সূত্রের আরও খবর, আগুন সম্ভবত ২৮শে ডিসেম্বর নাগাল্যান্ডের দিকে শুরু হয়েছিল। আগুন মণিপুরের দিকে এগিয়ে আসছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। বন দপ্তর ও দমকল বাহিনী আগুন নেভানোর চেষ্টা করে চলেছে। পাশাপাশি স্থানীয়রাও সহায়তা করছে। তবে দুর্গম পাহাড়ি অঞ্চল এবং ঝোড়ো হওয়ার কারণে আগুন নিয়ন্ত্রণ করা অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। মুখ্যমন্ত্রী এন বীরেন সিং ইতিমধ্যে রাজ্যের মুখ্যসচিব এবং অন্যান্য কর্তা ব্যক্তিদের নিয়ে বিমানের মাধ্যমে পরিস্থিতি পর্যবেক্ষণ করেছেন বলে জানা গিয়েছে।

