ভারতের প্রথম বৃহন্নলা বিচারক জয়িতা মন্ডল
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্কঃ জয়িতা মণ্ডলের জন্ম কলকাতায়। তাঁর নামই এখন সারা দেশে সমাদৃত। জীবনে অনেক ওঠা পড়ার মধ্যে দিয়ে নানা সামাজিক গঞ্জনা পেয়ে পার হতে হয় তাঁকে। এখন লড়াই পেরিয়ে ভারতের প্রথম ‘বৃহন্নলা বিচারকের’ মর্যাদা পেয়েছেন তিনি। জন্মের সময় তাঁর নাম ছিল জয়ন্ত। সে কোনদিনও ভাবেননি যে, বিচারক হতে পারবেন। সামাজিক লাঞ্ছনা তো ছিলই, সেই সঙ্গে সমাজ-পরিত্যাহ্য় হয়ে রাস্তায় রাস্তায় ভিক্ষেও করতে হয়েছিল তাঁকে। জাতীয় লোক আদালত বেঞ্চ হয়ে পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুরে নির্বাচিত হন তিনি। ইসলামপুরে লোক আদালতের বিচারক হিসেবে নিযুক্ত হয়েছেন।
ছোটবেলায় ছেলে হয়েও ‘মেয়ে’ হয়ে ওঠার প্রবল ইচ্ছা ছিল তাঁর। স্কুলে গঞ্জনার হাত থেকে বাঁচার জন্য দশম শ্রেণীতে পড়তে-পড়তেই স্কুল ছাড়তে হয় তাঁকে। শেষে ২০০৯ সালে অভিমানে বাড়ি ছেড়ে চলে যান জয়িতা। ‘হিজড়া’ হয়ে অনুষ্ঠান করে দিন কাটতো তাঁর। তিনিই বৃহন্নলাদের নিয়ে আন্দোলন শুরু করেন। ২০১০ সালে উত্তর দিনাজপুরের প্রথম ‘বৃহন্নলা’ হিসাবে ভোটার কার্ডও পান তিনি। তাঁকে ২০১৭ সালে ইসলামপুর মহকুমা লোক আদালতে বিচারকের ভূমিকায় দেখা যায়। অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক বিপ্লব রায় বলেন, ‘বৈষম্য দূর করতেই কর্তৃপক্ষের এই সিদ্ধান্ত।’ জেলা বিচারক রাই চট্টোপাধ্যায় বলেন, ‘রূপান্তরকামীরা যে সমাজেরই একজন, সেটা সকলের বোঝা উচিত।’

