প্রান্তিক মানুষের লড়াইয়ের অন্যতম মুখ ‘বিলকিস’
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : বিশ্বের ১০০ প্রভাবশালীর তালিকায় স্থান শাহিনবাগের ‘দাদি’ বিলকিসের। সূত্রের খবর, চলতি বছরে বিশ্বের ১০০ জন প্রভাবশালী ব্যক্তিত্বের তালিকায় স্থান করে নিয়েছেন শাহিনবাগ আন্দোলনের অন্যতম এই মুখ। বিলকিস ‘দাদি’ নামেই তাঁর জনপ্রিয়তা। সূত্রের আরও খবর, ওই বৃদ্ধার অদম্য জেদ ও লড়াইয়ের মানসিকতাকে সাধুবাদ জানাল মার্কিন ম্যাগাজিন ‘টাইম’। স্থানীয় সূত্রে জানা যায়, সংশোধিত নাগরিকত্ব আইন পাশের প্রতিবাদে রাজধানীর শাহিনবাগে জড়ো হন বহু মানুষ। ওই ধর্নামঞ্চে আলাদা জায়গা করে নিয়েছিলেন শর্বরীদেবী, আসমা খাতুন, নুরউন্নিসা ও বিলকিসদের মতো বৃদ্ধারা।
স্থানীয় সূত্রে আরও জানা গিয়েছে, জানুয়ারি মাসে দিল্লির কনকনে ঠান্ডায় সকাল ৮টা থেকে মধ্যরাত পর্যন্ত তাঁদের ধর্নামঞ্চে উপস্থিতি ছিল। শাহিনবাগের ‘দাদি’রা নজর কেড়েছিলেন। তাঁদের হাতে ধরা ছিল প্ল্যাকার্ড। স্লোগানের মাঝে ছুঁড়েও দিতেন মুষ্ঠিবদ্ধ হাত। এমনি করেই তরুণ প্রতিবাদীদের ভরসা ও বিশ্বাস জুগিয়েছেন ‘দাদি’রা। ওই সময় সবাইকে ছাপিয়ে বিক্ষোভ কর্মসূচির প্রতীক হয়ে ওঠেন বিলকিস। বয়সজনিত বাধা, প্রাকৃতিক দুর্যোগ ও সিএএ সমর্থকদের প্রবল হুমকির সামনে এক ইঞ্চিও সরে যাননি বিলকিস। চোখে চোখ রেখে জবাবও দিয়েছিলেন। দৃপ্তকণ্ঠে তাঁর বক্তব্য ছিল, ওরা আমাদের বিশ্বাসঘাতক বলে। মনে রাখবেন, আমরা ব্রিটিশদের দেশ ছাড়তে বাধ্য করেছি। আমাদের লক্ষ্য করে কেউ গুলিও ছোঁড়ে, তবু আমরা এক পাও নড়ব না। এক্ষেত্রে তাঁদের স্পষ্ট বক্তব্য ছিল, আগে সিএএ ও এনআরসি বাতিল করা হোক। আমরা তাহলে চত্বর ছেড়ে উঠে যাব। এরপর ‘টাইম’ ম্যাগাজিন বিলকিসকে প্রান্তিক মানুষদের লড়াইয়ের অন্যতম মুখ বলে চিহ্নিত করেছে।

