21 July SamaboshMiscellaneous 

২১ জুলাইয়ের ভার্চুয়াল সভা ঘিরে তৃণমূলের প্রস্তুতি

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : কাল তৃণমূল কংগ্রেসের শহিদ দিবস ঘিরে সারা রাজ্যে প্রস্তুতি চলছে। ২১ জুলাই তৃণমূলের বাৎসরিক শহিদ তর্পণ দিবস। ২০২১ সালের বিধানসভা ভোটের আগে এটাই শেষ ২১ জুলাইয়ের সভা। তৃণমূল নেত্রীর বার্তার দিকেই তাকিয়ে দলের কর্মী-সমর্থক থেকে রাজনৈতিক মহল। সূত্রের খবর, কলকাতা ও শহরতলিতে ২১ জুলাইয়ের সমর্থনে প্রচার পর্ব শুরু হয়। পাশাপাশি কর্মীদের সঙ্গে ভিডিও কনফারেন্স করেছেন নেতারা। আবার শহরের বিভিন্ন জায়গায় হোর্ডিংও দেওয়া হয়েছে। তৃণমূল নেত্রীর নির্দেশমতো এবার প্রতি বুথে-বুথে পালিত হবে শহিদ দিবস।

প্রতি বুথে শহিদ বেদিও করা হবে। অন্যদিকে দলীয় পতাকা দেওয়া হয়েছে শহরের গুরুত্বপূর্ণ মোড়গুলিতে। প্রসঙ্গত, করোনা পরিস্থিতির আবহে এবার ধর্মতলায় সমাবেশ করা সম্ভব হচ্ছে না। এবার ভার্চুয়াল সভা হবে বলে জানানো হয়। সূত্রের আরও খবর, গড়িয়াহাটের মোড়, গিরিশ পার্কের মতো একাধিক জায়গায় জায়েন্ট স্ক্রিন বসানো হচ্ছে। বিভিন্ন বুথে টিভি, মনিটরের ব্যবস্থা করা হয়েছে। ২১ জুলাই দুপুর ২টোর সময় সোশ্যাল মিডিয়ায় বক্তব্য রাখবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আবার ফেসবুক ও ইউটিউব-এর মাধ্যমে নেত্রীর বক্তব্য সর্বত্র পৌঁছে দেওয়ার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে তৃণমূল। এ বিষয়ে আরও জানা গিয়েছে, সামাজিক দূরত্ব বজায় রেখে উত্তর ২৪ পরগনার বেশ কয়েকটি হলে তৃণমূল নেতৃত্ব বসার ব্যবস্থা করেছে।

Related posts

Leave a Comment