atmMiscellaneous Trending News 

এসবিআই এটিএমের মাধ্যমে পাবেন বিবিধ পরিষেবা, একনজরে দেখে নিন সেগুলি

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: এবার ব্যাঙ্কের টাকা তোলা ও ব্যালান্স চেক করা ছাড়াও আরও গুরুত্বপূর্ণ কিছু কাজ করতে পারবেন কাছের এসবিআই এটিএম থেকে৷ তাই করোনা পরিস্থিতির আবহে আপনাকে যেতে হচ্ছে না ব্যাঙ্কে৷ প্রসঙ্গত, সাধারণত ব্যাঙ্কের এটিএম কার্ডটি টাকা তোলা বা ব্যালেন্স চেক করার জন্যই ব্যবহার করা হয়ে থাকে। তবে এবার এসবিআই এটিএমে গিয়ে ব্যাঙ্কের এফডি থেকে শুরু করে ট্যাক্স ডিপোজিট সহ একাধিক পরিষেবার সুবিধা নিতে পারবেন আপনিও৷ আর ঘণ্টার পর ঘণ্টা ব্যাঙ্কের লম্বা লাইনে দাঁড়িয়ে থাকতে হবে না গ্রাহকদের। এখন একাধিক কাজ ব্যাঙ্কের এটিএমে গিয়ে ডেবিট কার্ডের মাধ্যমে কয়েক মিনিটের মধ্যে অনায়াসে সেরে ফেলতে পারবেন৷ করতে হবে না অপেক্ষা।

আয়কর জমার ক্ষেত্রে– এবার এটিএম কার্ড ব্যবহার করে জমা করতে পারবেন আপনার আয়কর। উল্লেখ্য, এতদিন পর্যন্ত আয়কর বিভাগ বা থার্ড পার্টির ওয়েবসাইট ব্যবহার করে দিতে হত আয়কর৷ তবে এবার এই সুবিধা থাকছে এটিএমে। পাশাপাশি অ্যাডভান্স ট্যাক্স, সেলফ অ্যাসেসমেন্টের পর যে ট্যাক্স দিতে হয় সেটাও দিতে পারবেন এটিএমের মাধ্যমে৷ তবে এক্ষেত্রে রয়েছে একটি শর্ত। বলা হয়েছে, আগে আয়কর বিভাগের ওয়েবসাইট বা ব্রাঞ্চে নিজের নাম রেজিস্টার করতে হবে৷ তারপরই পাবেন এটিএম কার্ডের মাধ্যমে ট্যাক্স দেওয়ার সুবিধা। এক্ষেত্রে ট্যাক্স জমা হওয়ার ২৪ ঘণ্টা পরে ব্যাঙ্কের ওয়েবসাইট থেকে সিআইএন নম্বরের মাধ্যমে চালানের প্রিন্ট নিতে পারবেন৷

আবার পলিসির প্রিমিয়ামের ক্ষেত্রে– এটিএম থেকে আপনার ইনস্যুরেন্স পলিসির প্রিমিয়াম জমা করতে পারবেন। এখন কেবলমাত্র ভারতীয় জীবনবীমা, এইচডিএফসি লাইফ, এসবিআই লাইফ এই ৩টি বীমার ক্ষেত্রে এই সুবিধা পাওয়া যাচ্ছে।এক্ষেত্রে বিল পে সেকশনে গিয়ে বিমা সংস্থার নাম সিলেক্ট, পলিসি নম্বর, আপনার সম্বন্ধে তথ্য, মোবাইল নম্বর দিয়ে, প্রিমিয়ামের টাকার পরিমাণ দিয়ে সাবমিট করলেই পলিসির প্রিমিয়াম জমা হয়ে যাবে৷

পাশাপাশি নগদ ট্রান্সফারের ক্ষেত্রে— এটিএমের মাধ্যমে আপনার অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে ক্যাশ ট্রান্সফার করতে পারবেন৷ এক্ষেত্রেও থাকছে একটি শর্ত। গ্রাহককে এরজন্য অনলাইন বা ব্রাঞ্চে সেই অ্যাকাউন্টটি রেজিস্টার করাতে হবে, যেখানে টাকা ট্রান্সফার করা হবে৷ এটিএম থেকে একবারে কেবলমাত্র ৪০ হাজার টাকা ট্রান্সফার করা যাবে৷

অন্যদিকে, এফডি করার ক্ষেত্রে— এবার সহজেই নিজের ফিক্সড ডিপোজিট শুরু করতে পারবেন এটিএম কার্ডের মাধ্যমে৷ উল্লেখ করা যায়, এখনও পর্যন্ত এফডি করতে গ্রাহকদের কেবলমাত্র ব্যাঙ্কের সংশ্লিষ্ট ব্রাঞ্চে যেতে হত। তবে এখন আর যেতে হবে না ব্রাঞ্চে। এটিএম মেশিনের স্ক্রিনে থাকছে এফডি করার অপশন৷ পাশাপাশি স্ক্রিনে থাকছে কত দিনের জন্য এবং কত টাকার এফডি সংক্রান্ত অপশনও। নির্ধারিত প্রসেসের পর নির্দিষ্ট অপশনে যাওয়ার পর সিলেক্ট করে কনফার্ম করলেই খুলে যাবে আপনার এফডি৷

লোনের ক্ষেত্রে আবার বলা হয়েছে— পার্সোনাল লোনের ক্ষেত্রেও এটিএম থেকে আবেদন জানানো যাবে৷ একাধিক বেসরকারি ব্যাঙ্ক থেকে এটিএম কার্ডের মাধ্যমে প্রি-অ্যাপ্রুভড পার্সোনাল লোন সুবিধা নিতে পারেন৷

বিল পেমেন্টের ক্ষেত্রে– টেলিফোন, বিদ্যুৎ, গ্যাস সহ অন্যান্য একাধিক বিল এটিএম কার্ডের মাধ্যমে দেওয়া যাবে৷ এক্ষেত্রে শর্তটি হল– অনলাইনে ব্যাঙ্কের ওয়েবসাইটে আগে নিজের নাম রেজিস্টার করতে হবে৷

টাকা জমা দেওয়ার ক্ষেত্রে– দেশের বহু ব্যাঙ্কে এটিএম মেশিনের সঙ্গে টাকা জমা দেওয়ার মেশিনও লাগানো রয়েছে৷ এগুলির মাধ্যমে টাকা জমা দেওয়ার সুবিধা পাওয়া যাবে। একবারে মেশিনের মাধ্যমে কেবলমাত্র ৪৯,৯০০ টাকা জমা করতে পারবেন৷ পাশাপাশি মেশিনে ২ হাজার, ৫০০, ১০০ এবং ৫০ টাকার নোট জমা করা যাবে৷

পাশাপাশি এটিএম থেকে প্রিপেড মোবাইল রিচার্জ, মন্দির বা চ্যারিটিতে দানও দিতে পারবেন এবং চেক বুকের জন্য আবেদন জানাতে পারবেন৷ এক্ষেত্রে আপনার নথিবদ্ধ ঠিকানায় ডাক মারফৎ চেক বুক চলে আসবে৷

Related posts

Leave a Comment