একঝলকে নির্বাচনী ইস্তাহারে কর্মসংস্থান-শিল্প-শিক্ষা ও স্বাস্থ্য
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : তৃণমূল-বিজেপি-সিপিএম তথা বামফ্রন্ট ও কংগ্রেস নির্বাচনী ইস্তাহার প্রকাশ করেছে। মিল ও অমিলের এই ইস্তাহারে কর্মসংস্থান-শিল্প-শিক্ষা ও স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে একঝলক তুলে ধরার চেষ্টা করা হল। দেখে নিন উভয় দলের সেই ছবিটা। তৃণমূলঃ কর্মসংস্থানের লক্ষ্যে বছরে ৫ লক্ষ নতুন কর্মসংস্কারের কথা বলা হয়েছে। এক্ষেত্রে বেকারের সংখ্যা অর্ধেকে নামানোই লক্ষ্য।
বিজেপিঃ ইস্তাহারে উল্লেখ করা হয়েছে, প্রতি পরিবারে একজনের চাকরির ব্যবস্থা। ১০০ দিনের কাজ প্রকল্পে কর্মদিবস ২০০ করার লক্ষ্য রাখা হয়েছে।
বামফ্রন্টঃ নতুন শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগের কথা ইস্তাহারে জানিয়েছে। ১০০ দিনের কাজ প্রকল্পে ১৫০ দিনের কর্মদিবস তৈরি করাও লক্ষ্য।
কংগ্রেসঃ কর্মসংস্থান তৈরির জন্য ৭টি উন্নয়ন অঞ্চল তৈরি করার কথা জানিয়েছে ইস্তাহারে। নিয়মিত চাকরির পরীক্ষা হওয়ার কথাও জানানো হয়।
তৃণমূলঃ শিল্প ও অর্থনীতির ক্ষেত্রে মাথাপিছু আয় দ্বিগুণ হওয়ার কথা জানানো হয়। ৫ বছরে ৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের বিষয়টি জানানো হয়েছে। ১০ লক্ষ ক্ষুদ্র-ছোট ও মাঝারি শিল্পের উল্লেখ রয়েছে। ২ হাজার বড় শিল্পের আশ্বাসও রয়েছে।
বিজেপিঃ ১০ হাজার নতুন স্টার্ট-আপ ব্যবসায় ঋণে ভর্তুকি। ছোট ও মাঝারি শিল্পে ঋণ সহজলভ্য করার প্রতিশ্রুতিও রয়েছে। পাটশিল্প পুনরুজ্জীবনে ১৫০০ কোটি টাকার তহবিলের লক্ষ্যও রয়েছে।
বামফ্রন্টঃ অতি ক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের পুনরুজ্জীবন বিষয় ইস্তাহারে রয়েছে। বড় শিল্পের অনুকূল পরিবেশ তৈরি করার লক্ষ্যও থাকছে।
কংগ্রেসঃ দুর্গাপুর-আসানসোলে বৈদ্যুতিক গাড়ি কারখানার সঙ্গে অনুসারী শিল্পের বিষয় রয়েছে। ক্ষুদ্র ও মাঝারি শিল্পে নজর দেওয়া হবে বলেও জানানো হয়।
তৃণমূলঃ শিক্ষার ক্ষেত্রে যোগ্য পড়ুয়াদের ক্রেডিট কার্ড। এক্ষেত্রে ৪ শতাংশ সুদে ১০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ। প্রতি ব্লকে মডেল আবাসিক স্কুল প্রভৃতি বিষয় রয়েছে।
বিজেপিঃ প্রাথমিক স্তর থেকে স্নাতকোত্তরে মহিলাদের নিখরচায় শিক্ষার সুযোগ থাকবে বলে ইস্তাহারে জানানো হয়।
বামফ্রন্টঃ বাজেটের ২০ শতাংশ শিক্ষায় খরচ করা হবে বলে জানানো হয়েছে।
কংগ্রেসঃ দুর্নীতিমুক্ত মিড-ডে মিল ব্যবস্থা চালুর বিষয়টি ইস্তাহারে রয়েছে।
তৃণমূলঃ স্বাস্থ্য ক্ষেত্রে প্রতি জেলায় সদর শহরে মেডিক্যাল কলেজ। এছাড়া চিকিৎসক-নার্সদের আসন দ্বিগুণ করার প্রতিশ্রুতি রয়েছে।
বিজেপিঃ কেন্দ্রীয় আয়ুষ্মান প্রকল্পে পরিবারপিছু ৫ লক্ষ টাকার স্বাস্থ্যবিমা চালুর বিষয়টি ইস্তাহারে রয়েছে। নতুন ৩টি এইমস। পরিকাঠামোয় ১০ হাজার কোটি টাকার তহবিলের উল্লেখ রয়েছে।
বামফ্রন্টঃ জনস্বাস্থ্যের দায়িত্ব সরকার নেবে, এমনটাই জানানো হয় ইস্তাহারে।
কংগ্রেসঃ সমস্ত হাসপাতাল ও স্বাস্থ্য ব্যবস্থার পরিকাঠামো ঢেলে সাজানোর বিষয়টি রাখা হয়েছে।

