Vandhe Bharat ExpressMiscellaneous 

বন্দে ভারত ট্রেনে স্পর্শহীন ব্যবস্থা চালুর ভাবনা

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : বন্দে ভারত ট্রেনে স্পর্শহীন ব্যবস্থা চালু হতে পারে। করোনা আবহে পরবর্তী সাধারণ যাত্রীবাহী ট্রেনের মতোই বন্দে ভারত এক্সপ্রেসের নতুন রেকেও চালু হতে পারে একাধিক স্পর্শহীন (হ্যান্ডস ফ্রি) ব্যবস্থা। রেল সূত্রের খবর, দরজার হাতল ও ল্যাচেসে দেওয়া হতে পারে তামার কোটিং। এমনকী ট্রেনের ভিতর রাখা হতে পারে এয়ার পিউরিফিকেশনের ব্যবস্থাও। দেশে করোনা আবহের কথা মাথায় রেখে এমনই পরিকল্পনা গ্রহণ করছে রেলমন্ত্রক।

যাত্রীদের সুরক্ষা দিতে দেশের প্রথম সেমি হাইস্পিড ট্রেন বন্দে ভারত এক্সপ্রেসের নতুন রেক তৈরিতেও সেরকম প্রযুক্তির ব্যবহার করতেই উদ্যোগী হচ্ছে রেল। সূত্রের আরও খবর, সম্প্রতি বাতিল হয়েছে বন্দে ভারতের নয়া ৪৪টি রেক তৈরির টেন্ডার। পরবর্তী ৭ দিনের মধ্যে তা ফের আহ্বান করার ঘোষণা করে রেল বোর্ড। জানা গিয়েছে, চেন্নাইয়ের আইসিএফ, কাপুরথালার আরসিএফ ও রায়বেরিলির এমসিএফ-এ এই ৪৪টি বন্দে ভারত এক্সপ্রেসের রেক তৈরি হবে। তবে এ ব্যাপারে চেন্নাইতে ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি (আইসিএফ) সূত্রের খবর, বন্দে ভারত এক্সপ্রেসের নতুন রেকের ডিজাইন পরিবর্তন নিয়ে এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ হয়নি। পুরো বিষয়টিই প্রাথমিক স্তরে রয়েছে। পরিবর্তন হলে তা যাত্রী সুরক্ষার বিষয়টি মাথায় রেখেই হবে।

Related posts

Leave a Comment