রাজ্যে পর্যটনের নীতিতে বদল
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : পর্যটনে নয়া অ্যাপ। পাশাপাশি সংস্থাকেও সহায়তা। করোনা আবহের প্রভাবে বিভিন্ন ক্ষেত্রের মতো ধাক্কা খেয়েছে পর্যটনও। ওই ক্ষেত্রে ব্যাপক ক্ষতি সামাল দেওয়ার জন্য সহায়ক প্রকল্প চালু করার পর এবার নীতি সংশোধনের আওতায় টু-র অপারেটরদের রেজিস্ট্রেশন পদ্ধতি সরলীকরণের সিদ্ধান্ত গ্রহণ করেছে রাজ্য সরকার। অন্যদিকে করোনা পরবর্তী সময়ের কথা মাথায় রেখে প্রস্তুতিও চূড়ান্ত। উল্লেখ করা যায়, ২৭ সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবস উপলক্ষ্যে পর্যটনে বিশেষ অ্যাপ চালু করছে রাজ্য সরকার। আবার দীর্ঘ সময়ের পর পর্যটনের কিছু নীতিতে বদল ঘটিয়েছে রাজ্য।
এ বিষয়ে আরও জানা যায়, ক্ষেত্র-বিশেষে টু-র অপারেটরদের গোত্র বিভাজন করে পর্যটন-গাইড ও ‘হোম স্টে’ সংক্রান্ত প্রশিক্ষণ ও শংসাপত্রের ব্যবস্থা করা হয়েছে। উল্লেখ্য, এর আগে টু-র অপারেটরদের রেজিস্ট্রেশন ২ বছর বৈধ থাকত। এবার অভিজ্ঞ টু-র অপারেটরদের ক্ষেত্রে সেই মেয়াদ বাড়িয়ে ৫ বছর ও নতুনদের ক্ষেত্রে ৩ বছর করা হয়েছে। সংস্থার পক্ষ থেকে এ বিষয়ে বলা হয়েছে, করোনা আবহে যেভাবে তাদের ব্যবসা মার খেয়েছে রেজিস্ট্রেশন নবীকরণের নতুন নীতিতে তার কিছু সুরাহা হবে। এক্ষেত্রে আরও জানা যায়, গত ২ বছরে ৫৬৫টি ‘হোম স্টে’-র অনুমোদন দিয়েছে রাজ্য। এবার তাদের অনলাইনে যুক্ত করা হবে বলেও জানা গিয়েছে।

