রাজ্যে শিল্প পুনরুজ্জীবনে ‘পর্যটন সহায়তা প্রকল্প’
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : রাজ্যের পর্যটন শিল্প বাঁচাতে সহজ ঋণ। দীর্ঘ করোনা আবহের জেরে বিপর্যস্ত পর্যটন শিল্প। সূত্রের খবর, ২০২০-২১ সালে ও চলতি আর্থিক বছরে এখনও পর্যন্ত রাজ্যের পর্যটন শিল্পে কত ক্ষতি হয়েছে, সেই হিসেব করা কার্যত অসম্ভব বলে জানিয়েছে পর্যটন সংস্থাগুলি। এক্ষেত্রে বলা হয়েছে, বড় সংস্থাগুলি সামলে নিলেও ছোট বা মাঝারি সংস্থাগুলির বেহাল দশা। এই অবস্থায় সংস্থাগুলির পুনরুজ্জীবনে ‘পর্যটন সহায়তা প্রকল্প’-এ ‘ওয়ার্কিং ক্যাপিটাল লোন’ বা সহজ মূলধনি ঋণের সুবিধা দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে রাজ্য সরকার।
সূত্রের আরও খবর, এই প্রকল্পে মন্ত্রিসভার অনুমোদন পাওয়া গিয়েছে। এই প্রকল্প চালু থাকবে ৩১ মার্চ পর্যন্ত। পর্যটন সহায়তা প্রকল্পের অধীনে দৈনন্দিন ব্যবসা চালানোর জন্য স্বল্পমেয়াদি মূলধনি ঋণের ব্যবস্থা হবে। এক্ষেত্রে বলা হয়েছে, প্রথম বছরের সুদের হার ৫০ শতাংশ রাজ্য সরকার মেটাবে। আর বাকি দায়িত্ব সংস্থার। ৫০ হাজার থেকে ১০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ পাওয়া যাবে। সর্বাধিক ১ হাজার সংস্থা এই সুবিধা গ্রহণ করতে পারবে বলে জানা যায়।
উল্লেখ্য, সব মিলিয়ে ঋণের সর্বোচ্চ সীমা ধরা রয়েছে ১০০ কোটি টাকা। পাশাপাশি ট্রেড লাইসেন্সধারী ছোট-মাঝারি-বড় পর্যটন সংস্থাগুলি এই ঋণের সুবিধা পাবে। এ বিষয়ে আরও জানা যায়, পর্যটন দফতরের পোর্টালে জমা পড়া আবেদনপত্র জেলাশাসকদের মাধ্যমে নোডাল ব্যাঙ্কের কাছে পাঠানো হবে। এক্ষেত্রে ব্যাঙ্ক যাচাই করে বৈধ আবেদনকারীদের ঋণ দেবে।

