গঙ্গাসাগর মেলায় এবার প্রযুক্তির ব্যবহার
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্কঃ এবছর গঙ্গাসাগরের ই-স্নান সামগ্রী ঘরে বসেই পাওয়া যাবে।সূত্রের খবর, করোনা পরিস্থিতিতে ই-স্নান পদ্ধতিতে বাড়ি বসেই গঙ্গাসাগরের জল, কপিলমুনি আশ্রমের পুজোর প্রসাদ ইত্যাদি পাওয়া যাবে। ই-স্নান সামগ্রীর বুকিং শুরু হয়ে গেল বলে জানা গিয়েছে। মাত্র ১৫০ টাকার বিনিময়ে এই সামগ্রী বুকিং করতে পারবেন। এক্ষেত্রে আরও জানা যায়, গঙ্গাসাগরের ওয়েবসাইটে গিয়ে বুকিং করতে হবে। প্রশাসন সূত্রে খবর, বুকিংয়ের তিনদিনের মধ্যেই কুরিয়ারের মাধ্যমে এইসব সামগ্রী বাড়িতে পৌঁছে যাবে। উল্লেখ্য, গতবছর জানুয়ারি থেকেই এর বুকিং শুরু হয়ে যায়। তবে এবছর বুকিংয়ের চাহিদা এখন থেকেই বেড়েছে। সে কারণেই এখন থেকেই অনলাইন বুকিং চালু করা হয়েছে।
সূত্রের আরও খবর, গঙ্গাসাগরে প্রশাসন এবছর সুরক্ষা নিয়ে আরও বেশি সচেতন। সিসিটিভি এবং ড্রোনের মাধ্যমেও কড়া নজর রাখা হবে গঙ্গাসাগরে। জেলাশাসক পি উলগানাথন জানিয়েছেন, আগের বছরের তুলনায় সিসিটিভি এবং ড্রোনের সংখ্যা অনেক বাড়ানো হয়েছে। আগের বছর ক্যামেরা ৭৫ টি ও ১০টি ড্রোনের ব্যবস্থা ছিল। সেই সংখ্যাটি বাড়িয়ে এবছর যথাক্রমে ১০০০ টি ক্যামেরা ও ২৫টি ড্রোনের ব্যবস্থা করা হয়েছে। গঙ্গাসাগর মেলা এবছর সব মিলিয়ে আরও বেশি করে তথ্যপ্রযুক্তি নির্ভর হচ্ছে । এবছর ‘অতিথি’ অ্যাপ তৈরি করা হয়েছে মেলায় আগত পর্যটক এবং ভক্তদের সুবিধার জন্য। বাস, ট্রেন, ভেসেল ছাড়ার সময়, সাগরে কোথায় যাওয়া যাবে, স্নানের সময় ও হাসপাতালের সময় ইত্যাদি জানা যাবে প্রযুক্তির মাধ্যমে। এছাড়াও যানচলাচলে নজরদারি থেকে শুরু করে সরাসরি পুজো দেখানো, সবটাই এবার প্রযুক্তির উপর নির্ভরশীল। এতে ভিড় সামলানোর কাজ খুব ভালোভাবে করা যাবে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে।

