সুন্দরবনে পূর্ণিমার কোটাল ঘিরে শঙ্কা বাড়ছে
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক:সুন্দরবন উপকূল এলাকায় পূর্ণিমার কোটাল ঘিরে আতঙ্ক বেড়েছে। একটানা বর্ষায় ইতিমধ্যেই পুকুর সহ চাষের জমি জলমগ্ন। নিম্নচাপ ও ঘূর্ণাবর্তের জেরে দক্ষিণ ২৪ পরগণা সহ টানা বৃষ্টি ও ঝোড়ো হাওয়ায় দুর্যোগ বেড়েই চলেছে । মাঝারি ও ভারী বৃষ্টি হয়েছে জেলা ব্যাপী। কাকদ্বীপ, নামখানা, সাগর ও পাথরপ্রতিমা সহ বিভিন্ন এলাকা ডুবে গিয়েছে। তার ওপর সুন্দরবন উপকূল এলাকায় পূর্ণিমার কোটালের আশঙ্কা বেড়ে চলেছে। পূর্বাভাস রয়েছে রাত থেকে কোটালের জেরে নদী ও সমুদ্রের জলস্তর বাড়বে । এই আবহে উদ্বেগে স্থানীয় বাসিন্দারা।
স্থানীয় সূত্রের খবর,বৃষ্টি সহ পুবালি বাতাস ও কোটালের জেরে উত্তর ও দক্ষিণ ২৪ পরগণার বাঁধের ব্যাপক ক্ষতির আশঙ্কা বেড়ে গিয়েছে। সুন্দরবন এলাকায় ফেরি পরিষেবার ক্ষেত্রেও নিয়ন্ত্রণ করা হয়েছে। কাকদ্বীপ, সাগর, পাথর প্রতিমা, নামখানা ও উত্তর ২৪ পরগণা জেলায় বহু কাঁচা বাড়ি রয়েছে। বৃষ্টি ও পূর্ণিমার কোটালের জেরে সেগুলি ভেঙে পড়ার আশঙ্কা বাড়ছে। আজ ২৪ ঘণ্টা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। কাজেই বিপদ বাড়ছে।
প্রশাসনিক সূত্রে জানা যায়,দক্ষিণ ২৪ পরগণার বকখালি, মৌসুনি, ফ্রেজারগঞ্জ ও গঙ্গাসাগর এলাকায় সমুদ্র স্নানে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। শুকনো খাবার,পানীয় জল ও ত্রিপল মজুত রাখতে নির্দেশ দেওয়া হয়েছে প্রশাসনিকভাবে । প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন নদী ও সমুদ্র পার্শ্ববর্তী এলাকায় মাইকিং করা হয়েছে। সাধারণ মানুষকে সচেতন করা হচ্ছে। আগামী বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ঘূর্ণাবর্তের ফলে বৃষ্টি চলবে দক্ষিণ ও উত্তর ২৪ পরগণার বিভিন্ন এলাকায়। (ছবি: সংগৃহিত)

