সুন্দরবন ম্যানগ্রোভ রোপণের প্রস্তুতি জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহে
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : ৫ কোটি ম্যানগ্রোভ লাগাতে তৈরি হবে ৪ থেকে ৫ লক্ষ কর্মদিবস। ঘূর্ণিঝড় “আম্ফান”-এর তাণ্ডবে সুন্দরবন এলাকায় ম্যানগ্রোভের ব্যাপক অংশে ক্ষতি হয়েছে। উল্লেখ্য, সুন্দরবন ও তৎসংলগ্ন অঞ্চলে ৫ কোটি ম্যানগ্রোভ লাগানো হবে বলে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন। তাঁর নির্দেশ মতোই কাজ শুরু করেছে দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসন। এই গাছ লাগাতে ৪ থেকে ৫ লক্ষ শ্রমদিবস তৈরি হবে বলে জেলা প্রশাসন সূত্রের খবর। অতীতে এর আগে কখনও একটি কাজের জন্য এত কর্মদিবস তৈরি হয়নি। স্থানীয় সূত্রের আরও খবর, এই কাজে ১০০ দিনের প্রকল্পের কর্মীদের পাশাপাশি পরিযায়ী শ্রমিকদের একটা বড় অংশকেও ব্যবহার করা হবে বলে ঠিক হয়েছে।
আরও জানা যায়, জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহ থেকে ম্যানগ্রোভ রোপণের কাজ শুরু করতে উদ্যোগী হচ্ছে প্রশাসন। আবার অক্টোবরের মধ্যে তা শেষ করার লক্ষ্যমাত্রাও নেওয়া হয়েছে। জেলাশাসক পি উলগানাথন জানিয়েছেন, এই কাজ শেষ করতে পারলে বনায়নে বড়সড় সাফল্য পাবে এই জেলা। জেলা প্রশাসন সূত্রে জানা যায়, এই কাজের জন্য ২,৫০০ হেক্টর জমি প্রয়োজন হয়। সুন্দরবন ঘেঁষা ১৩টি ব্লকে এই জমি অধিগ্রহণ করা হবে। গোসাবা, বাসন্তী, কুলতলি, পাথরপ্রতিমা, নামখানা, মথুরাপুর-২ এবং ক্যানিং-১ ও ২ নম্বর ব্লক এলাকায় ম্যানগ্রোভের চারা রোপণ করা হবে। এই কাজের জন্য ১,৬০০ একর জমি চিহ্নিত হয়েছে। বাকি জমিরও খোঁজ চলছে।

