স্বল্প সঞ্চয়ে টাকা জমা করা যাবে গ্রামীণ ডাকসেবক শাখায়
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : এবার গ্রামীণ ডাকসেবক শাখা থেকেও স্বল্প সঞ্চয়ে টাকা জমা করা যাবে। সূত্রের খবর, একেবারে স্বল্প সংখ্যক কর্মী নিয়ে গ্রামে গ্রামে পোস্ট অফিসগুলি চলছে। এবার স্বল্প সঞ্চয়ের বিভিন্ন স্কিমে সেখানেও টাকা জমা রাখতে পারবেন সাধারণ মানুষ। উল্লেখ্য, গ্রাম্য এলাকায় এই পোস্ট অফিসগুলির নাম গ্রামীণ ডাকসেবক শাখা। সেখানে ডাকঘরের ন্যূনতম পরিষেবা মেলে। ওই দপ্তরের কর্তা-ব্যক্তিদের সূত্রে জানা গিয়েছে, এই পোস্ট অফিসগুলিতে সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম, ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট, কিষাণ বিকাশপত্র, মান্থলি ইনকাম স্কিম ও পাবলিক প্রভিডেন্ট ফান্ড প্রভৃতি সঞ্চয় প্রকল্পগুলি বিক্রি হত না। এই সরকারি স্কিমগুলিকে জনপ্রিয় করতে এবার প্রত্যন্ত গ্রামেও নজর দিচ্ছে কেন্দ্র।
প্রসঙ্গত, আধার সংযোগের মাধ্যমে পোস্ট অফিস থেকে আর্থিক লেনদেন করার জন্য “দর্পণ” নামে একটি প্রকল্প চালু হয়েছে। ডাক বিভাগ সূত্রে আরও জানা গিয়েছে, একটি ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে আঙুল ছুঁয়ে টাকা জমা করা বা তোলা যায়। ডাক বিভাগ চায়, ওই পদ্ধতিতে স্বল্প সঞ্চয় প্রকল্পে জমা করার কাজটি হোক। এক্ষেত্রে কিছু প্রযুক্তিগত পরিবর্তন দরকার বলে জানা গিয়েছে।

