RajdhaniMiscellaneous 

রাজধানীর যাত্রীদের এবার ম্যাগাজিন পড়ার সুযোগ

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : যাত্রী স্বাচ্ছন্দ্যে নয়া মাত্রা। আনলক পর্বে অভিনব চিন্তা-ভাবনার প্রয়োগ শুরু করেছে ভারতীয় রেল। রেল সূত্রের খবর, শিয়ালদহ-নিউদিল্লি রাজধানী এসি স্পেশাল ট্রেনের যাত্রীদের জন্য বিশেষ লাইফ-স্টাইল ম্যাগাজিন পড়ার সুযোগ এনে দিল পূর্ব রেল। উল্লেখ করা যায়, শিয়ালদহের ডিভিশনাল ম্যানেজার শীলেন্দ্রপ্রতাপ সিং ‘স্টিম ট্রাক’ নামের এই ম্যাগাজিন আনুষ্ঠানিকভাবে রাজধানীর যাত্রীদের হাতে তুলে দেন।

রেল সূত্রে আরও জানা যায়, যাত্রা পথের দীর্ঘ সময়ে যাত্রীদের ‘মানসিক ক্লান্তি’ দূর করার জন্য এই ভাবনা। এই প্রকল্পের মাধ্যমে রেলের বার্ষিক আয় আরও কিছুটা বৃদ্ধি পাবে। এক্ষেত্রে আরও জানানো হয়েছে, বেসরকারি একটি সংস্থার উদ্যোগে তৈরি এই লাইফ-স্টাইল ম্যাগাজিন বিনামূল্যে যাত্রীরা ট্রেনে সফরকালে পড়তে পারবেন। এই বই বাড়ি নিয়ে যেতে পারবেন না যাত্রীরা। পূর্ব রেল সূত্রে আরও খবর, ওই সংস্থা বছরে ভারতীয় রেলকে ১০ লক্ষ ৭১ হাজার টাকা দেবে। পূর্ব রেলের শিয়ালদহ শাখায় এই উদ্যোগ সফল হলে আগামী দিনে আরও কয়েকটি ট্রেনে এই ম্যাগাজিন বিলির পরিকল্পনা গ্রহণ করবে রেল কর্তৃপক্ষ।

Related posts

Leave a Comment