PatatoMiscellaneous 

বাজারে আলুর দামের বাড়বাড়ন্ত, নাভিশ্বাস ক্রেতাদের

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : প্রতিদিন সব্জির দাম বেড়ে চলেছে। আলুর দাম ছাপিয়ে গিয়েছে পেঁয়াজকেও। এই পরিস্থিতিতে বাজারে গিয়ে নাকাল মধ্যবিত্ত। রীতিমতো চোখ রাঙাচ্ছে আলু। শহরের সমস্ত বাজারে পেঁয়াজকে টেক্কা দিচ্ছে আলু। গ্রামাঞ্চলেও একই অবস্থা। খুচরো বাজারের পাশাপাশি পাইকারি বাজারেরও একই হাল। সেখানেও আলুর দাম চড়া। এক্ষেত্রে ব্যবসায়ীদের আশঙ্কা, আগামী দিনে আলুর দাম আরও বাড়তে চলেছে। অভিযোগ, অসাধু চক্রের জেরেই বাজারে আলু পর্যাপ্ত পরিমাণে আসছে না। এক্ষেত্রে চাহিদা ও জোগানের মধ্যে ব্যবধান তৈরি করতে চেষ্টা করছে অসাধু ব্যবসায়ীরা, এমনও অভিযোগ।

এরফলে বাজারে আলুর দামের এই বাড়বাড়ন্ত। এইসব চক্রগুলিকে নিয়ন্ত্রণ না করতে পারলে আলুর দাম প্রতি কিলো প্রায় ৫০ টাকার কাছাকাছি পৌঁছে যেতে পারে বলেও আশঙ্কাও করা হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অবিলম্বে আরও সক্রিয় হোক সরকারি টাস্ক ফোর্স, এমনটাই দাবি করা হয়েছে। প্রসঙ্গত, সব্জি কিনতে নাভিশ্বাস মধ্যবিত্ত ক্রেতাদের। এর উপর লকডাউন পর্বে সাধারণ মানুষের অর্থনৈতিক পরিস্থিতি মন্দা। তার ওপর সব্জির অগ্নিমূল্য পরিস্থিতি কপালে ভাঁজ ফেলেছে।

সূত্রের খবর, জ্যোতি আলুর প্রতি কেজিতে দাম ছিল ৩২ টাকা ও চন্দ্রমুখীর দাম প্রতি কেজি ৩৬ টাকা। আলুর দাম বেড়েছে প্রতি কেজি প্রায় ৭-৮ টাকা। আলু ব্যবসায়ী সূত্রে জানা গিয়েছে, জ্যোতি আলু কিনতে পাইকারি দাম পড়েছে ১,৪৫০ টাকা। প্রতি কিলোতে জ্যোতি আলুর পাইকারি দাম ছিল ২৯ টাকা। যা স্বাভাবিকের থেকে বেশি। এক্ষেত্রে ব্যবসায়ীরা জানিয়েছেন, পাইকারি বাজারে আলু মজুত করে রাখা হচ্ছে। অসাধু ব্যবসায়ীরা বাজারে কৃত্রিম চাহিদা সৃষ্টি করে দাম বাড়ানোর চেষ্টায় রয়েছে। হিমঘরে যথেষ্ট পরিমাণ আলু মজুত থাকলেও তা বাজারে আসছে না বলে মনে করছেন ব্যবসায়ীরা।

Related posts

Leave a Comment