এনটিএ ইউজিসি নেট পরীক্ষা শুরু ২৪ সেপ্টেম্বর থেকে
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ) আয়োজিত ২০২০ সালের ইউজিসি ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট (নেট) পরীক্ষার তারিখ পরিবর্তন হল। সূত্রের খবর, এর আগে নেট পরীক্ষা ১৬ থেকে ২৫ সেপ্টেম্বরের থেকে আয়োজিত হওয়ার কথা ছিল। নতুন সূচি অনুযায়ী এখন পরীক্ষা শুরু হবে ২৪ সেপ্টেম্বর। সূত্রের আরও খবর, পরীক্ষার পূর্ণ সূচি এখনও প্রকাশিত না হলেও আশা করা যাচ্ছে, শীঘ্রই তা প্রকাশ করা হবে।

এনটিএ সূত্রে জানা গিয়েছে, পূর্ব ঘোষিত তারিখগুলির মধ্যে আরও কয়েকটি বড় পরীক্ষা হওয়ার কথা রয়েছে। এমন পরিস্থিতিতে অনেক পরীক্ষার্থী রয়েছেন, যাঁরা অন্য পরীক্ষাগুলিও দেবেন। এজন্য তাঁদের যাতে কোনও অসুবিধায় না পড়তে হয়, সেজন্য ইউজিসি-র এই পরীক্ষার দিনক্ষণ বদল করা হয়েছে বলে জানা যায়। এনটিএ-র পক্ষ থেকে জানানো হয়েছে, পরীক্ষার্থীদের এই সংক্রান্ত তথ্যের জন্য সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট দেখতে বলা হয়েছে।
উল্লেখ্য, এর আগেও ইউজিসি নেট পরীক্ষা স্থগিত হয়েছে। প্রাথমিকে এই পরীক্ষা ১৫ থেকে ২০ জুনের মধ্যে হওয়ার কথা ছিল। করোনা পরিস্থিতিতে তার তারিখ পরিবর্তন করা হয়। সূত্রের আরও খবর, এনটিএ সাধারণত পরীক্ষার প্রায় ১০ দিন আগে অ্যাডমিট কার্ড ইস্যু করে। তবে এইবারে অ্যাডমিট কার্ড সংক্রান্ত কোনও তথ্য এখনও প্রকাশিত হয়নি। তবে নেট পরীক্ষার অ্যাডমিট কার্ড রিলিজ হওয়ার পর তা https://www.nta.ac.in/ বা ugcnet.nta.nic.in ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নেওয়া যাবে।

