NabannoMiscellaneous 

নবান্নের ৩টি প্রবেশ দ্বারেই বসছে ‘বলার্ড গেট’

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : অবাঞ্ছিত গাড়ির প্রবেশ ঠেকানোর জন্য এবার নবান্নের তিন পথে বসতে চলেছে ‘বলার্ড গেট’। সূত্রের খবর, নবান্নের নিরাপত্তা বাড়ানোর তৎপরতা শুরু হয়েছে। রাজ্য প্রশাসনের এই সদর দপ্তরে ৩টি প্রবেশ দ্বারেই বসছে ‘বলার্ড গেট’। ইতিপূর্বে ভবানী ভবনে নিরাপত্তার জন্য এই ধরনের গেট বসেছে। উল্লেখ্য, পূর্ত দপ্তরের ইঞ্জিনিয়াররা ও পুলিশকর্তাদের নিয়ে নবান্নে নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেছেন ডিরেক্টর অফ সিকিউরিটি বিনীত গোয়েল।

এরপর ইঞ্জিনিয়ারদের সঙ্গে আলোচনায় নতুন গেট বসানোর সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সূত্রের আরও খবর, নবান্নের প্রবেশ পথের পূর্বদিকের দুটি এবং উত্তরদিকে ওই গেট বসানো হবে। পুলিশের অনুমতি ভিন্ন ওই ৩টি প্রবেশ পথ দিয়ে কোনও গাড়ি প্রবেশ করতে বা বেরতে পারবে না। উল্লেখ্য, ৩টি গেট দিয়েই মূলত নবান্নের ভিতর বিভিন্ন গাড়ি আসা-যাওয়া করে। মুখ্যমন্ত্রী, মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, অর্থসচিব ও কয়েকজন মন্ত্রী-সহ কিছু অফিসারের গাড়ি নবান্নে প্রবেশের অনুমতি রয়েছে।

এক্ষেত্রে ওই সব গাড়িগুলি পূর্বদিকের এন্ট্রি গেট দিয়ে প্রবেশ করে। কাজ হয়ে যাওয়ার পর পাশের এক্সিট গেট দিয়ে বেরিয়ে যায়। বাকি সব গাড়ি উত্তর গেটের উল্টোদিকে মাল্টিপ্লেক্স পার্কিং সেন্টারে রাখতে হয়। সেখানে অনেক গাড়ি থাকার বন্দোবস্ত রয়েছে। অন্যদিকে দ্বিতীয় হুগলি সেতু থেকে অ্যাপ্রোচ রোড ধরে নবান্নের প্রবেশ পথে যাওয়ার রাস্তাও রয়েছে। জানা গিয়েছে, এখন ওই পথ দিয়ে মুখ্যমন্ত্রী-সহ অন্যান্য শীর্ষ অফিসাররা নবান্নে প্রবেশ করে থাকেন। ওই পথের মুখে এবার বসানো হবে ‘বলার্ড গেট’। অনুমতি ভিন্ন কোনও গাড়ি প্রয়োজনে বা অ-প্রয়োজনে নবান্নে প্রবেশ করতে পারবে না।

Related posts

Leave a Comment